গ্রামীণফোনের প্রচারণা বন্ধে বিটিআরসির চিঠি

লটারির মাধ্যমে ক্রীড়া পুরস্কার ২০১২ প্রচারণা বন্ধ করতে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির সিস্টেম এন্ড সার্ভিস বিভাগের পরিচালক লে. কর্ণেল রাকিবুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, এই প্রচারণায় লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করে গ্রাহকদের পুরস্কার দেয়ার কথা বলা হয়েছে। এই বিষয়টি ২০০৭ সালের ২৬ জুলাই বিটিআরসির জারি করা শুল্ক ও বিপণন প্রমোশনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন নির্দেশনার ৭ ধারার সরাসরি লংঘন। রবিবার চিঠিটি পাঠায় বিটিআরসি। বিটিআরসির চিঠিতে আরো বলা হয়েছে, এই প্রচারণা ও কার্যক্রম বন্ধ করার জন্য এবং প্রচারণাটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না কারণ দর্শিয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিশনকে অবহিত করতে হবে। প্রসঙ্গত, দৈনিক প্রথম আলো ও গ্রামীণফোন যৌথভাবে এই ক্রীড়া পুরস্কারের উদ্যোগ নিয়েছে। রবিবার প্রথম আলোর এক বিজ্ঞাপনে বলা হয়েছে, এসএমএস ভোটিংয়ের প্রথম পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ১০ জন বিজয়ী আগামী ১ জুন রূপসী বাংলা হোটেলে গ্রামীণফোন-প্রথমআলো ক্রীড়া পুরস্কার ২০১২ অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ পাবেন। এছাড়া দুই পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জন পাবেন স্মার্টফোন। গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা সৈয়দ তাহমিদ আজিজুল হক ইত্তেফাককে বলেন, বিটিআরসির নির্দেশনা পাওয়ার পর প্রচারণা বন্ধ করে দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই এ বিষয়ে বিটিআরসিকে অবহিত করা হবে বলেও জানান তিনি।