জাল পাসপোর্টে বিদেশ যাওয়ার চেষ্টা, আটক ২
প্রকাশ : ২০ মে ২০১৩, ২১:৩২
জাল পাসপোর্টে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে সোমবার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুই যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক হওয়া দু’জন হলেন মো. মোকাররম ও জজ মিয়া। মোকাররমের বাড়ি জয়পুরহাটে ও জজ মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরায়। মোকাররমের তথ্যের বরাত দিয়ে এপিবিএন জানায়, মালয়েশিয়া ফেরত মোশাররফ নামের এক ব্যক্তির কাছ থেকে ১২ হাজার টাকায় তার পাসপোর্টটি কিনে নেন মোকাররম। ওই পাসপোর্টে ছবি বদল করাসহ মালয়েশিয়া যাওয়ার সব বন্দোবস্ত করে দেন মোস্তফা নামের এক ব্যক্তি। জজ মিয়ার তথ্যের বরাত দিয়ে এপিবিএন জানায়, তার আসল পাসপোর্ট রেখে দিয়ে জাল পাসপোর্টে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করে এক দালাল। তবে দালালের নাম জানাতে পারেননি জজ মিয়া। দুই জনকে আটক অভিযানে থাকা একজন কর্মকর্তা জানান, আইন অনুযায়ী জাল পাসপোর্টধারী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি ৫০০ টাকা জরিমানা বা দুই মাসের কারাদণ্ড। তাই এ ধরনের ব্যক্তিরা সহজে ছাড়া পেয়ে যান। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।