বিদ্যুত্ সংযোগের নীতিমালা সহজ হচ্ছে

নতুন বিদ্যুত্ সংযোগের নীতিমালা শিথিল করছে সরকার। গ্রাহকদের ভোগান্তি কমাতেই সংযোগ নীতিমালায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। পাঁচটি বিতরণ কোম্পানির মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপিডিকো) এরই মধ্যে নীতিমালা পরিবর্তন করার সুপারিশ করেছে। বাকি তিন কোম্পানির প্রস্তাব পাওয়ার পর সংযোগ নীতিমালা চূড়ান্ত করা হবে। বিদ্যুত্ বিভাগীয় সূত্র জানায়, প্রায় এক বছর সংযোগের স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল। এতে বিদ্যুত্ সংযোগ পেতে গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হচ্ছিল। বিতরণ কোম্পানিগুলো বলছে এভাবে বিদ্যুত্ সংযোগ দেয়া প্রায় অসম্ভব। বিদ্যুতের নতুন সংযোগ উন্মুক্ত করার পর যেহারে গ্রাহক বেড়েছে গত এক বছরে তা বাড়েনি। ২০১০ সালের ২৫ মার্চ বিদ্যুত্ সংযোগ বন্ধের ঘোষণা দেয়া হয়। সাত মাস বন্ধ রাখার পর ওই বছরের ৭ নভেম্বরে আবার বিদ্যুত্ সংযোগ দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তখন মার্চ থেকে নভেম্বর পর্যন্ত যারা বিদ্যুত্ সংযোগের জন্য আবেদন করেছিল শুধু তাদের আবেদনের প্রেক্ষিতে সংযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।