শিশুর জন্য মাতৃদুগ্ধ নিশ্চিত করতে চাই সামাজিক আন্দোলন
প্রকাশ : ২০ মে ২০১৩, ২১:৩৩
কেবল নীতিমালা কিংবা আইন জারি করেই নয়, শিশুর জন্য মাতৃদুগ্ধ নিশ্চিত করতে সামাজিক আন্দোলন প্রয়োজন। সোমবার ব্র্যাক আয়োজিত ‘শেয়ারিং অন ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউশন (বিএমএস) কোড ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
ব্র্যাক হেলথ নিউট্রিশন প্রোগ্রামের পরিচালক কাওসার আফসানার সভাপতিত্বে ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিক্যাল এডুকেশন-এর পরিচালক ও বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল-এর সচিব প্রফেসর ফাতেমা পারভিন। আলোচক ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস-এর প্রোগ্রাম ম্যানেজার ডা. মোস্তাফিজুর রহমান, পুষ্টিবিদ ডা. ফাতেমা ইশরাত, দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের।
বক্তারা বলেন, গুঁড়ো দুধের অবাধ বাজারের সুষ্ঠু নিয়ন্ত্রণের জন্য প্রচলিত আইন থাকলেও তা বাস্তবে কাজে আসছে না। বরং আইনের কোথায় ফাঁক-ফোকর আছে তা কোম্পানির সংশ্লিষ্টরা ঠিকই খুঁজে বের করে নেন। ফলে মাতৃদুগ্ধের পরিবর্তে মায়েরা গুঁড়ো দুধের দিকে ধাবিত হচ্ছেন। তাই এর অবাধ বাজার নিয়ন্ত্রণের জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
ডা. ফাতেমা পারভিন বলেন, কোন দুর্যোগ হলে দেখা যায়, গুঁড়ো দুধের কোম্পানিগুলো বিনামূল্যে শিশু খাদ্য সরবরাহ করে। অথচ মায়ের খাদ্য দেয়া হয় না। এমনকি বিভিন্নভাবে কোম্পানির সংশ্লিষ্ট প্রতিনিধিরা চিকিত্সকদের গুঁড়ো দুধ বাজারজাতকরণে উত্সাহিত করছে।
ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বার বার এ বিষয়ে কথা বললেও বহু মা আছেন, যারা স্বাস্থ্য কেন্দ্রে যাবেন না, যাবেন তাদের পছন্দের জায়গায়। এটা যেমন একটা বড় সমস্যা তেমনি আর একটি বড় বাধা দুধ কোম্পানিগুলোর অসীম ক্ষমতা।
আবুল খায়ের বলেন, গুঁড়ো দুধের বাজার নিয়ন্ত্রণের জন্য সিগারেটের প্যাকেটে যেভাবে ‘ধূমপানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা থাকে, তেমনি গুঁড়ো দুধের প্যাকেটে ‘গুঁড়ো দুধ খেলে শিশুদের মৃত্যু ঝুঁকি বাড়ে ’ এমন তথ্য প্রচারণা চালাতে হবে।