মোবারকের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর সাক্ষ্য
প্রকাশ : ২০ মে ২০১৩, ২১:৩৩
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেন ওরফে মোবারক আলীর বিরুদ্ধে সাক্ষ্য দিলেন রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী। সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১-এ দেয়া জবানবন্দিতে সাক্ষী দারুল ইসলাম বলেন, একাত্তরের ২২ আগস্ট গংগাসাগর দীঘির পাড়ে ৩৩ জনকে ব্রাশ ফায়ার করে গুলি করে হত্যা করে পাকিস্তানি আর্মিরা। তখন মোবারক আলী, জমসেদ, মুক্তা মিয়াসহ কয়েকজন রাজাকার উপস্থিত ছিল। জবানবন্দি শেষে তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এদিকে, বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২০ নম্বর সাক্ষী সরদার আব্দুল হাফিজ সাক্ষ্য দিয়েছেন।