বাংলাদেশের বিপক্ষ আজ শক্তিশালী থাইল্যান্ড

এএফসি মহিলা এশিয়ান কাপের ‘বি’ গ্রুপের বাছাই পর্ব শুরু ২১ মে ইরান-ফিলিপাইন। বাংলাদেশ-থাইল্যান্ড ২৩ মে ফিলিপাইন-থাইল্যান্ড। বাংলাদেশ-ইরান ২৫ মে থাইল্যান্ড-ইরান। বাংলাদেশ-ফিলিপাইন বঙ্গবন্ধু স্টেডিয়াম, প্রথম ম্যাচ তিনটা, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায়  আগামী বছর অনুষ্ঠেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) মহিলা এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার চার দলের বি গ্রুপের খেলায় মাঠে নামছে বাংলাদেশ দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় স্বাগতিকদের প্রতিপক্ষ হলো শক্তিশালী থাইল্যান্ড। এর আগে বিকেল চারটায় একই ভেন্যুতে মুখোমুখি হবে ইরান ও ফিলিপাইন। বাংলাদেশে অনুষ্ঠানরত ‘বি’ গ্রুপের সব ম্যাচ দেখাবে বিটিভি। চূড়ান্ত পর্বের জন্য এশিয়া জুড়ে চার গ্রুপের বাছাই পর্বে ১৬টি দেশ অংশ নিচ্ছে। চার গ্রুপ চ্যাম্পিয়ন দল চূড়ান্ত পর্বে উঠবে। চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া। ফুটবলের বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশের (১০৮) চাইতে ভাল অবস্থানে রয়েছে অপর তিন প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ড (২৯), ইরান (৫২) ও ফিলিপাইন (৮৩)। র্যাংকিংয়ে চার দেশের মধ্যে বাংলাদেশের পিছিয়ে থাকার কারণ আন্তর্জাতিক ফুটবলে এদেশের মেয়েদের অন্তর্ভুক্তি মহিলাদের চর্চাটা খুব বেশি দিন হয়নি। অন্য তিন দেশে মহিলা ফুটবলের চর্চা শুরু হয় অনেক আগে থেকে। এসব দেশ আন্তর্জাতিক পর্যায়েও মহিলা ফুটবল খেলছে অনেক দিন ধরে। শুধু র্যাংকিংয়েই নয় শারীরিক সামর্থ্যের দিক থেকেও অনেক পিছিয়ে বাংলাদেশের মেয়েরা। সাবিনা, সুইনু প্রু মারমা, ইতি, বিথি, বেলি, মলি, সাবিনা আক্তারদের সাথে অতিথি মেয়েদের মাঠে দেখলে শারীরিক ব্যবধানেই পরিষ্কার ফুটে উঠবে তা। দৃশ্যতই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়েরাই এদেশে ফুটবল খেলছেন। সঙ্গত কারণেই শারীরিক সামর্থ্যের সীমাবদ্ধতার জন্য অধিকাংশ সময়েই পেরে ওঠেন না তারা। এরপরও আন্তর্জাতিক ম্যাচও জেতার অভিজ্ঞতা আছে তাদের। এবার অবশ্য জাতীয় মহিলা দলের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসটা একটু বেশি বলে মনে হচ্ছে। সেটা হয়েছে সম্প্রতি কলকাতায় তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে পাওয়া দুই জয় ও এক ড্রয়ের সুবাদে। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুইনু প্রু মারমার দল আজ থাইল্যান্ডের মতো শক্তিশালী দলকে মোকাবেলা করতে চান। যদিও এশিয়ান মহিলা কাপ ফুটবলের এই টুর্নামেন্টে থাইল্যান্ড চারবার ফাইনাল খেলে একবার চ্যাম্পিয়ন হয়েছে। সে তুলনায় বাংলাদেশের জন্য এটাই প্রথম বাছাই পর্বে অংশগ্রহণ। থাইল্যান্ড ৯০ দিনের প্রস্তুতি নিয়ে ঢাকায় এসেছে বলে জানিয়েছে। তবে তারা প্রতিযোগিতার তিন প্রতিপক্ষকেই সমান শক্তির দল বলে মনে করছে। তাদের কোচ অবশ্য দাবি করেছেন আজ নাকি বাংলাদেশই সবচেয়ে বেশি চাপে থাকবে। অপরদিকে বাংলাদেশ শিবির মনে করছে হোম গ্রাউন্ডের সুবিধা পাবেন তারা। নিজেদের চেনা পরিবেশ। সামনে নিজেদের সমর্থক। এটাই এখন বড় চ্যালেঞ্জ কোচ গোলাম জিলানীর কাছে। এজন্য তিনি চাইছেন, ম্যাচের প্রথম ১০ মিনিট খেলাটা দেখেই সিদ্ধান্ত নিবেন রক্ষণাত্মক নাকি আক্রমণাত্মক ফুটবল খেলবে তার দল। দুটি সাফে খেলা ১৭ জন অভিজ্ঞ ফুটবলার রয়েছেন দলে। এটাকেই প্লাস পয়েন্ট মনে করছে বাংলাদেশ শিবির। ফিলিপাইনের শক্তি হচ্ছে ঢাকায় আসা তাদের ১৬ ফুটবলারের যুক্তরাষ্ট্রে খেলার অভিজ্ঞতা । তারা যুক্তরাষ্ট্রে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ফুটবল খেলছেন। গ্রুপের ফেভারিট থাইল্যান্ডকে নিয়ে ভাবছে না ফিলিপাইন। আজ ইরানকে নিয়েই তাদের মাথা ব্যথা। ইরান রাশিয়ায় টুর্নামেন্ট খেলে এসেছে। ‘বি’ গ্রুপের বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন মহিলা ফুটবল দলের কোচরা হলেন পুরুষ। একমাত্র ইরান ফুটবল দলের দায়িত্বে আছেন মহিলা কোচ হেলেনা কস্তা। পর্তুগীজ এই কোচ থাইল্যান্ডকে ফেভারিট মানছেন ঠিকই। তবে হেলেনা বলেন, ফেভারিটের তকমা সাফল্য এনে দেয় না র্যাংকিং অনুযায়ী থাই দল উপরে। কিন্তু র্যাংকিং ম্যাচ জেতায় না। মাঠে খেলতে হবে।’ তিনি আরো বলেন, ‘আসলে আমি এখন থাইল্যান্ড নিয়ে ভাবছি না। ইরানকে সরিয়ে দিই তারপর কথা থাইল্যান্ড নিয়ে চিন্তা করব।’