ফার্গুসন অধ্যায়ের রোমাঞ্চকর সমাপ্তি

জয় পেলে হয়তো ফার্গির আনন্দ হতে পারতো আরো বাঁধভাঙা। ম্যাচ শেষে তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা না বললেও মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা টেলিভিশন কুশলীদের বলেছেন, ‘খুবই আবেগের দিন।’ ম্যাচ শেষে সবার সাথে হাত মেলানোর সময় কষ্টের হাসি ছিল ফার্গির ঠোঁটে।  ইংলিশ ফুটবলের ইতিহাসে অতি উজ্জ্বল একটি অধ্যায়ের নাটকীয় ও রোমাঞ্চকর সমাপ্তি ঘটল গত রবিবার ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নের মাঠে। শ্বাসরুদ্ধকর, নাটকীয় ও রোমাঞ্চে ভরা এই ম্যাচে স্বাগতিক আলবিয়ন ৫-৫ গোলের ড্রয়ে বাধ্য করে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এটি ছিল ইউনাইটেডের হয়ে ফার্গুসনের ১৫০০তম ম্যাচ। কোচ হিসেবে ইউনাইটেডকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া ফার্গি এদিন খেলোয়াড়, সমর্থক, কোচিং স্টাফদের অভিনন্দন নিয়ে মাঠ ছাড়ছেন পশ্চিম আকাশে সূর্য তখন প্রায় ডুবতে বসেছে। ফার্গুসন যুগের সূর্যও ডুবেছে রবিবারই। সেই সাথে ফার্গিবিহীন ইউনাইটেডের পথচলা হয়েছে শুরু। আলবিয়নের মাঠ দি হাওথর্নন্সের বিকালের মিষ্টি রোদে খেলা শুরু হয়। ইংলিশ ফুটবল লিগে এই মাঠটি সবচেয়ে বেশি উচ্চতায় অবস্থিত। ৭১ বছর বয়স্ক ফার্গি যেমনটি খেলাতে ভালোবাসেন সেভাবেই শুরু করেছিল ইউনাইটেড। ক্ষুরধার আক্রমণে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ইউনাইটেড আধ ঘন্টার মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায়। কিন্তু পরের ২০ মিনিটে আলবিয়ন দুই গোল শোধ করে দিলে ব্যবধান দাঁড়ায় ৩-২। চ্যাম্পিয়নরা পরের ১৩ মিনিটে আরো দুটি গোল করে ৫-২ ব্যবধানে এগিয়ে যায়। কিন্তু খেলার শেষ দশ মিনিটে আলবিয়ন তিন গোল দিয়ে ড্র আদায় করে নেয়। আলবিয়নের নায়ক বদলি খেলোয়াড় রোমিলু লুকাকু যিনি হ্যাটট্রিক করেন। তার নৈপুণ্যের কারণেই ফার্গুসনের বিদায়টা জয় দিয়ে হলো না। ফার্গুসন ওল্ড ট্রাফোর্ডে প্রায় ২৭ বছরে ৩৮টি ট্রফি জয় করেন। স্কটিশ কোচ ফার্গুসন যখন মাঠে আসেন সেসময় ইউনাইটেড ও ওয়েস্ট ব্রমের খেলোয়াড়রা তাকে গার্ড অফ অনার দেয়। জয় পেলে হয়তো ফার্গির আনন্দ হতে পারতো আরো বাঁধভাঙা। ম্যাচ শেষে তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা না বললেও মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা টেলিভিশন কুশলীদের বলেছেন, ‘খুবই আবেগের দিন।’ ম্যাচ শেষে সবার সাথে হাত মেলানোর সময় কষ্টের হাসি ছিল ফার্গির ঠোঁটে। যখন মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন শেষবারের মত ইউনাইটেডের সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে বিদায় নেন। এদিকে ৩৮ বছর বয়সী মিডফিল্ডার পল স্কোলসও এদিন ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেন। ৬৯ মিনিটে বদলি হিসেবে নেমে নিজের ৭১৮তম ম্যাচ খেলেন তিনি।