অবশেষে জাফর ইমামের জন্য দোয়া মাহফিল করল বিওএ

স্পোর্টস রিপোর্টার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জাফর ইমাম দায়িত্ব পালনকালিন অসুস্থ হয়ে ২০০৪ সালে মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু কখনোই বিওএ থেকে তাকে স্মরণ করা হয়নি। এমনকি বছরে একদিন একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েও বিওএ থেকে জানানো হতো না তার মৃত্যুবার্ষিকীর খবরটি। অথচ তিনি ছিলেন বিওএ’র প্রথম নির্বাচিত মহাসচিব। এর মধ্যে আটটি মৃত্যুবার্ষিকীতে প্রতিটি বছর নিজের সামর্থ্যের মধ্যে মসজিদে মিলাদ মাহফিল আয়োজন করে জাফর ইমামের রুহের মাগফিরাত কামনা করছিলেন তারই ঘনিষ্টজন টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু। গতকাল নবম মৃত্যুবার্ষিকীতে পা দিয়ে বিওএ স্মরণ করল প্রয়াত মহাসচিব জাফর ইমামকে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাজশাহীর কৃতি সন্তান জাফর ইমামের উদ্দেশ্যে বিওএ ভবনে আয়োজিত দোয়া মাহফিলে বিওএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ক্রীড়াসংগঠকসহ অনেকে। গতকাল রফিকুল ইসলাম টিপু জানালেন বিওএ মিলাদ মাহফিল আয়োজন করায় তিনি কোনো উদ্যোগ নেননি।