টাইকন ২০১৩-তে অংশ নিল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে গত ১৭ ও ১৮ মে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল তথ্যপ্রযুক্তির উদ্যোক্তাদের সম্মেলন ‘টাইকন ২০১৩’। এবারের এই আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশ। ক্যালিফোর্নিয়ার সান্তাক্লারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সিনিয়র সহ-সভাপতি শামীম আহসানের নেতৃত্বে বাংলাদেশের আট সদস্যের একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়। সম্মেলনে যোগ দেওয়া অন্যান্য বেসিস সদস্যরা হলেন আমরা কোম্পানিস-এর চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, সূর্যমুখী লিমিটেড’র প্রধান নির্বাহী মুজতবা ফিদাউল হক, এখনি ডটকম পরিচালক কামরুন আহমেদ, সফটওয়্যার শপ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, বিএস করপোরেশন’র প্রধান নির্বাহী বদর উদ্দীন আল হোসাইন, এরা ইনফোটেক লিমিটেড’র প্রধান নির্বাহী মুহাম্মদ সিরাজুল ইসলাম এবং গণনা টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম চৌধুরী। সম্মেলনে বিশ্বের ২০টিরও বেশি দেশের সহস্রাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।