প্রযুক্তি ব্যক্তিত্ব

ব্লেইজ প্যাসকেল

ব্লেইজ প্যাসকেল একজন ফরাসি গণিতবিদ, পদার্থবিদ, আবিষ্কারক, লেখক এবং দার্শনিক। ১৬২৩ সালে জন্ম নেয়া এই ব্যক্তিত্ব অল্প বয়স থেকেই গণিত ও পদার্থ বিজ্ঞানে তার দখলের প্রমাণ দিয়েছেন। তিনিই এই বিশ্বকে সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটরের সাথে পরিচয় করিয়ে দেন। তিন বছরের প্রচেষ্টায় ৫০টি প্রোটোটাইপ-এর মাধ্যমে তিনি ২০টি যান্ত্রিক ক্যালকুলেটর বা প্যাসকালাইন তৈরি করতে সমর্থ হন। ১৬৫২ সালে ২৯ বছর বয়সে তিনি এই সাফল্য লাভ করেন। এছাড়া গণিতে তিনি দ্বিপদি উপপাদ্য এবং প্যাসকেল ত্রিভুজের প্রবর্তন করেন। পদার্থ বিজ্ঞানেও তিনি অসামান্য অবদানে রেখে গেছেন। হাইড্রলিক ফ্লুইড সংক্রান্ত হাইড্রোডাইনামিক্স এবং হাইড্রোস্ট্যাটিকস-এর উপর তিনি গবেষণা করেছেন। হাইড্রলিক প্রেস-এর ধারণাও তিনিই দিয়ে গেছেন। টরেসলি’র তত্ত্ব তিনি ব্যারোমিটারের সাহায্যে প্রমাণ করেন। তিনি রোলেট হুইলের আদি ধারণারও প্রবর্তক। তার নাম অনুসারেই চাপের এসআই একক রাখা হয় প্যাসকেল। কম্পিউটার প্রোগ্রামিং প্যাসকেল-এর নাম ও তার নাম অনুসারেই রাখা হয়েছে। এই মহা মণীষী মৃত্যুবরণ করেন ১৬৬২ সালে।