নিহতদের পরিবারকে ৪৮ লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি

রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের পরিবার প্রতি ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। মঙ্গলবার জুরাইন কবরস্থানে নিহতদের স্মরণে আয়োজিত ‘শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও অবস্থান’ কর্মসূচিতে সংগঠনটির নেতারা এ দাবি জানান। সকাল ১১টার দিকে জুরাইন কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফনকৃত গার্মেন্টস শ্রমিকদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিখোঁজ শ্রমিকদের স্বজন ও গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা। এ সময় নিখোঁজ শ্রমিকদের স্বজনদের আহাজারিতে কবরস্থানের পরিবেশ ভারী হয়ে উঠে। অবস্থান কর্মসূচিতে পরিষদের নেতারা অবিলম্বে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিখোঁজ শ্রমিকদের শনাক্ত করে তাদের কবর স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া, নিহত-আহতদের প্রকৃত তালিকা প্রকাশ করা, নিহতদের পরিবার প্রতি ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি জানান। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের নেতা মাহবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আখতার, রফিকুল ইসলাম পথিক প্রমুখ। পরে তাজরীন গার্মেন্টসে নিহতদের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।