মহাসেন মোকাবিলায় সরকারের প্রস্তুতিতে জাতিসংঘের প্রশংসা
প্রকাশ : ২১ মে ২০১৩, ২১:৫৭
ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মহাসেন’ সফলভাবে মোকাবিলা ও প্রস্তুতি নেয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার বলা হয়, গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশের উপকূল রেখায় আঘাত হানার আগেই দুর্বল হয়ে পড়ে। ফলে কয়েক হাজার মানুষের জীবন রক্ষা পায়। সরকার ও উন্নয়ন সহযোগীদের প্রচেষ্টায় ব্যাপক প্রস্তুতি নেয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়। ১৩টি উপকূলীয় জেলার দশ লাখ মানুষকে বৃহস্পতিবার ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই অন্যত্র সরিয়ে নেয়া হয়। ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক কর্মসূচির মাধ্যমে কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ, সতর্কতা জারি, অর্থ প্রদান এবং আন্তর্জাতিক মানবিক সংস্থার সহায়তায় সরকার ত্বরিত পদক্ষেপ নেয়। বাংলাদেশ সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী ঘূর্ণিঝড়ে ১৩ জন মারা যায় ও ১২ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়।
জাতিসংঘ সংস্থার রিপোর্টে আরো বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে প্রাণহানি সত্ত্বেও দুর্যোগ ঝুঁকি প্রশমনে সরকার তার প্রতিশ্রুতি সমুন্নত রেখেছে। একটি বিপর্যয় থেকে রক্ষা পেতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এই অঞ্চলে প্রায়ই বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানে। তাই সবাই যেকোন দুর্যোগের হুমকি বেশ গুরুত্বের সঙ্গে নেয় এবং সকল ব্যবস্থা গ্রহণ করেন। ঘূর্ণিঝড় সম্পর্কে মানুষকে নিয়মিত তথ্য দেয়া হয়। জাতিসংঘ সংস্থাটি বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। যাতে জীবন-জীবিকা ও ঘরবাড়ি পুনরুদ্ধার হয়। দুর্গত এলাকায় নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সেবার জন্য সহায়তা দেয়া হবে।