আলীমের নির্দেশে পুঁতে রাখা হয় ১১ জনের লাশ
প্রকাশ : ২১ মে ২০১৩, ২১:৫৭
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বিএনপি’র সাবেক নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী আব্দুল হামিদ সাকিদার। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ দেয়া জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আব্দুল আলীম, পাক বাহিনী ও রাজাকাররা ১১জনের লাশ দুটো গাছের তলায় পুঁতে রাখে। জবানবন্দি শেষে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
জবানবন্দিতে সাক্ষী বলেন, মুক্তিযুদ্ধকালে আমার বয়স ১৫ থেকে ১৬ বছর ছিলো। সে সময় আব্দুল আলীম মুসলিম লীগের নেতা ছিলেন। শান্তি কমিটিরও চেয়ারম্যান ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগ ও জামায়াতের কিছু ছেলেদের নিয়ে আলীম শাওন লাল বাজলার গদিঘর দখল করেন। সেখানে রাজাকারদের ট্রেনিং দেয়া এবং সেনা ক্যাম্প স্থাপন করা হয়।মুক্তিযুদ্ধের সময় একদিন ১১জন লোককে আব্দুল আলীম, পাকিস্তানি সেনা এবং রাজাকাররা ধরে নিয়ে আসে। বারোঘটি পুকুরপাড়ের উত্তর পাশে তাদের দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। ১১জনের মুখেই কালি মাখানো ছিল। পরে ৬ জনকে পুকুরের দক্ষিণে আম গাছতলায় এবং ৫জনকে পুকুরের উত্তর দিকের লিচু গাছতলায় পুঁতে রাখা হয়। দেশ স্বাধীন হওয়ার ৫ থেকে ৬ মাস পরে বারোঘাটি পুকুরে জাল ফেলা হয়। জালে প্রায় দেড়শ’ কঙ্কাল উঠে আসে। সেগুলোকে পুকুরের দক্ষিণপাড়ে মাটিচাপা দিয়ে রাখি আমরা। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত আলীমকে সনাক্ত করেন তিনি।
সালাহউদ্দিন কাদেরের মামলায় রবিবার জবানবন্দি দেবে তদন্ত কর্মকর্তা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের জব্দ তালিকার সাক্ষী মো. কাওসার শেখ। তিনি চট্টগ্রাম পাবলিক লাইব্রেরির একজন কর্মচারী। তাকে জেরা করে আহসানুল হক হেনা। জেরা শেষে আগামী রবিবার মামলার তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
মোবারকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীকে জেরা অব্যাহত:একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের ওরফে মোবারক আলীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী দারুল ইসলামকে জেরা অব্যাহত রেখেছে আসামিপক্ষ। গতকাল বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাকে জেরা করেন আইনজীবী আহসানুল হক হেনা। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এদিকে, একই ট্রাইব্যুনালে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী মো. খলিলুর রহমানকে জেরা করেছে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা শেষে মামলার কার্যক্রম ২৬ মে রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।