তেজগাঁওয়ে গোলাগুলি
প্রকাশ : ২১ মে ২০১৩, ২১:৫৭
রাজধানীর তেজগাঁও নাবিস্কো মোড়ে মঙ্গলবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে গোলাগুলিতে দুইজন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন ব্যবসায়ী ইমতিয়াজ করিম শুভ ও তার চাচাতো শ্যালক মনিরুজ্জামান লোটন। আহত দুইজনকে পুলিশ পাহারায় ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ জব্দ করেছে আহতদের ব্যবহূত দুইটি প্রাইভেটকার ও একটি লাইসেন্সকৃত পিস্তল।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ব্যবসায়ী ইমতিয়াজ করিমের সঙ্গে তার স্ত্রী খালেদা জামান মুন্নির বেশ কিছুদিন বিরোধ চলছে। গুলশানের একটি ব্যাংক থেকে টাকা তুলে মুন্নি তার চাচাতো ভাই লোটনের ইস্কাটনের বাসায় ফিরছিলেন। তাদের বহনকৃত প্রাইভেটকারটি নাবিস্কো মোড়ে পৌঁছালে গতিরোধ করে ইমতিয়াজ করিম। এসময় লোটন তাকে পিস্তল দিয়ে গুলি করে। গুলি তার উরুতে বিদ্ধ হয়। গুলির শব্দ ও ইমতিয়াজ করিমের চিত্কারে টহল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। অবস্থা বেগতিক দেখে মনিরুজ্জামান লোটন প্রাইভেটকার থেকে নেমে দৌড়ে পালাবার চেষ্টা করেন। এসময় টহল পুলিশ তাকে পালাতে দেখে শটগান দিয়ে গুলিকরে । এদিকে আহত ইমতিয়াজ লোটন অভিযোগ করেছেন, সে এবং তার চাচাতো বোন গুলশানের একটি ব্যাংক থেকে মোট ২৫ লাখ টাকা তুলেছিলেন। সে টাকা ইমতিয়াজ করিম লোকজন নিয়ে ছিনতাই করেছে। আর ছিনতাইকালে তিনি আত্মরক্ষার্থে তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে গুলি করতে বাধ্য হন। তবে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ সম্পর্কে ওসি বলেন, ঘটনার সময় ইমতিয়াজ করিমের স্ত্রী খালেদা জামান মুন্নি গাড়িতেই বসা ছিলেন। উভয় পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করেনি।