তুরস্কে কোচ হয়ে আসছেন রবার্তো কার্লোস
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:০০
তুরস্কের ক্লাব সিভাস্পোরের কোচ হয়ে আসছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার রবার্তো কার্লোস। ৪০ বছর বয়সী কার্লোস বর্তমানে রাশিয়ান ক্লাব আঞ্জি মাকাচকালার একজন পরিচালক হিসাবে কাজ করছেন। সিভাস্পোর ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে সাবেক এই রিয়াল মাদ্রিদ খেলোয়াড়কে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। সিভাস্পোর ক্লাবের সভাপতি মেকনান ওডিয়্যাকমাজ বলেন, ‘কার্লোসের সাথে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। এখন পর্যন্ত তার সাথে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। সব ঠিক থাকলে আশা করছি আগামী দু’দিনের মধ্যেই আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।’ ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী রবার্তো কার্লোসের এজেন্ট ওজকান ডোকান বলেন, ‘রবার্তো কার্লোস আর সিভাস্পোর প্রাথমিক কিছু বিষয়ে সমঝোতায় আসতে পেরেছে। দুই একদিনের মধ্যেই চুক্তিতে সই করবে সে।’