নিন্দা-সমালোচনায় শেষ হলো মরিনহো পর্ব

রিয়াল মাদ্রিদের কোচের পদে এই মৌসুমের পরে আর থাকা হচ্ছে না, এমন ঘোষণা আসার একদিন পরেই গতকাল মঙ্গলবার স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো এক হাত নিল কোচ হোসে মরিনহোকে। মরিনহোর বিশাল অঙ্কের বেতনের বিপরীতে গত তিন বছরে ক্লাবের সাফল্য খরার দিকে ইঙ্গিত করে তারা মরিনহোকে নানা ভাবে ব্যঙ্গ-বিদ্রূপ করে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে হারের পর থেকেই জোরালো হয়ে ওঠে মরিনহোর ক্লাব ছাড়ার গুঞ্জন। আর অ্যাতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা ডেল রে শিরোপা হাতছাড়া করার পর প্রায় নিশ্চিত হয়ে যায় সব কিছুই; তখন শুধু বিদায়ী প্রক্রিয়া নিয়ে কল্পনা। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে গত সোমবার রাতে ৫৯ বছর বয়সী এই কোচের সাথে বৈঠক শেষে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন, মরিনহো আর রিয়ালে থাকছেন না। পেরেজের কথায় পরিষ্কার হয় যে ছাঁটাই বা চুক্তিভঙ্গ নয়, সমঝোতার ভেতর দিয়েই শেষ হয়েছে রিয়ালের মরিনহো পর্ব, ‘ক্লাব এবং কোচ উভয় পক্ষই বিশ্বাস করে সম্পর্ক শেষ করার এটাই উপযুক্ত সময়। গত তিন বছর ক্লাবের জন্য যে কঠোর পরিশ্রম সে করেছে সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাই। তার সময়কালে ক্লাবের উন্নতি হয়েছে এবং তার সর্বাঙ্গীন মঙ্গলই আমি কামনা করি। তবে এখন বোঝা যাচ্ছে আমাদের কিছু ঘাটতি আছে। আসলে সবকিছুই আপেক্ষিক। আমরা যেখান থেকে এসেছি সেখানে একটা বড় পদক্ষেপ নেয়া আমাদের জন্য দরকারি ছিল।’ অন্যদিকে রিয়ালের প্রতিপক্ষ ক্রীড়া দৈনিক এএস মরিনহোর বেতন এবং খেলোয়াড় কেনা বাবদ ক্লাবের খরচ হওয়া প্রায় একুশ কোটি ইউরোর প্রতি ব্যঙ্গ করে। তাদের শিরোনামের শেষাংশ ছিল,‘অনর্থক বড় ঝামেলা’। এএস-এর প্রতিবেদনে তারা উল্লেখ করে, ‘মরিনহো স্বল্পসংখ্যক শিরোপা ও বিপুল পরিমাণ সমস্যার মধ্যে আমাদের রেখে গেছেন।’ এ মৌসুমে একটিও বড় শিরোপা জিততে না পারা মরিনহো নিজেই ২০১২-১৩ মৌসুমকে আখ্যায়িত করেছেন তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুম হিসেবে। তবে এই স্বেচ্ছা স্বীকারোক্তির পরও সমালোচনার হাত থেকে রক্ষা পাচ্ছেন ৫৯ বছর বয়সী এই পর্তুগিজ। রক্ষণশীল দৈনিক এল মুন্ডোর ক্রীড়া ধারাভাষ্যকার ওরফিও সুয়ারেজ বলেছেন, ‘ধন্যবাদ, আমাদের আরো অতলে নিমজ্জিত করার জন্য।’ শুধু তাই নয়, সুয়ারেজ তালিকাবদ্ধ করেছেন মরিনহোর ‘পাপ’গুলোও! আর যার মধ্যে সবার উপরে আছে, মৌসুমের অর্ধেক সময় অধিনায়ক ইকার ক্যাসিয়াসকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত। এছাড়া তার অন্য ‘পাপের’ মধ্যে আছে ক্লাবের ঐতিহ্যের অবমূল্যায়ন, স্পেন জাতীয় দলের কোচ ভিসেন্তে দেল বস্ককে বর্ষসেরা কোচের খেতার পাওয়ার বিরুদ্ধে সন্দেহ পোষণ এবং ক্লাবের সমর্থকদের মধ্যে বিভক্তি সৃষ্টি ইত্যাদি। ২০১০ সালে ইন্টার মিলান থেকে স্প্যানিশ জায়ান্টদের সাথে যোগ দেয়া মরিনহোর অধীনেই রিয়াল গত মৌসুমে লা লিগা শিরোপা জেতে। আর বর্তমান চুক্তি অনুযায়ী এই ক্লাবেই ২০১৬ সাল পর্যন্ত থাকার কথা ছিল তার। আর সমঝোতার ভিত্তিতে ক্লাব ছাড়ার বিষয়টি মিমাংসা হওয়ায় চুক্তির আগে ক্লাব ছাড়লে যে অতিরিক্ত অর্থ মরিনহোর পাওয়ার কথা সেটি পাওয়া হচ্ছে না তার। মরিনহো অবশ্য কয়েকদিন আগেই জানিয়েছিলেন, অতিরিক্ত এক দিনের টাকাও নিবেন না তিনি। তবে রিয়াল ছাড়ার ব্যাপার চূড়ান্ত হলেও মরিনহো কোথায় যাচ্ছেন সে বিষয়ে নিশ্চিতভাবে এখনো জানা যায়নি কিছুই। তবে সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে তার সাবেক ক্লাব চেলসির নাম। অন্যদিকে রিয়ালের কোচের চেয়ারে কে বসতে যাচ্ছেন সে বিষয়েও মুখ খোলেননি পেরেজ। তিনি বলেন, ‘আপাতত এটুকুই সিদ্ধান্ত হয়েছে। আমাদের কোন কোচের সঙ্গেই চুক্তি হয়নি। এটা এমন একটা ব্যাপার যা নিয়ে আমাদের আগামী কয়েকদিন কাজ করতে হবে।’ তবে ধারণা করা হচ্ছে মাত্রই প্যারিস সেন্ট জার্মেইকে ১৯ বছর পর লিগ ওয়ান শিরোপা এনে দেয়া আরেক ‘হেভিওয়েট’ কোচ কার্লো অ্যানচেলোত্তি বসতে যাচ্ছেন মরিনহোর চেয়ারে। এই ইতালিয়ান কোচ এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন পিএসজি ছাড়ার।