বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে স্পিকার
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:০৩
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনটি সংসদীয় স্থায়ী কমিটিকে শক্তিশালী করা হচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের সাথে বিশ্ব ব্যাংকের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর জোহান্স ঝাট সাক্ষাত্ করতে এলে তিনি এসব কথা বলেন।
আলাপকালে স্পিকার বলেন, সংসদীয় তিনটি কমিটি হচ্ছে সরকারি হিসাব, অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান। জবাবে জোহান্স বলেন, সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় সংসদের ভূমিকাই মূখ্য। এ লক্ষ্যে ফাইনান্সিয়াল ওভারসাইট কমিটিগুলো যাতে সঠিকভাবে কাজ করতে পারে, সে লক্ষ্যে বিশ্ব ব্যাংক সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, বাংলাদেশের অনেক সাফল্য রয়েছে। দেশের বাইরে এর প্রচার হওয়া আবশ্যক। জোহান্স ঝাট বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অক্ষুণ্ন রাখতে বহুমুখী বিনিয়োগের পরামর্শ দিয়ে বলেন, দারিদ্র্যবিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনসহ বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। এছাড়াও নারীর ক্ষমতায়ন ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে।
বিশ্ব ব্যাংকের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টরকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি হিসাব, অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান কমিটি কাজ করছে।