ঢাকা ওয়াসা তৈরি করছে ড্রেনেজ মাস্টার প্ল্যান
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:০৪
ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা) রাজধানীবাসীকে উন্নত ড্রেনেজ সেবা প্রদানের লক্ষ্যে ড্রেনেজ মাস্টার প্ল্যান প্রস্তুত করছে। মাস্টার প্ল্যানটির খসড়ার উপর আলোচনার জন্য মঙ্গলবার ঢাকা ওয়াসার উদ্যোগে স্থানীয় একটি হোটেলে কর্মশালার আয়োজন করা হয়। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান ও ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রহমতউল্লাহ। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান-এর সভাপতিত্বে এ কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
শাজাহান খান এমপি বলেন, বর্তমান সরকার রাজধানীর খালগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বৃষ্টির পানি চলাচলের উপযুক্ত করে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। রাজধানীকে বসবাসযোগ্য রাখার জন্য নাগরিকবৃন্দের অনেক দায়িত্ব রয়েছে। বিশেষ করে রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীবাসীকে সচেতন হবার উপর মন্ত্রী গুরুত্বারোপ করেন। রাজধানীর উন্নয়নে যে কোন পরিকল্পনা গ্রহণ করা হলে তা বাস্তবায়নের বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার বলে মন্ত্রী উল্লেখ করেন।
আবু আলম মো. শহিদ খান সামপ্রতিক বছরগুলোতে ঢাকা ওয়াসার গুরুত্বপূর্ণ বেশ কিছু সাফল্যের বিষয় উল্লেখ করেন। পানির উত্পাদন বৃদ্ধিসহ ঢাকা ওয়াসার এসব সাফল্যে শহিদ খান সন্তোষ প্রকাশ করেন।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন, ঢাকা ওয়াসার বর্তমান প্রশাসন ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা ২০১০-২০১৩ কর্মসূচি’ গ্রহণ করে চাহিদার তুলনায় অতিরিক্ত পানি উত্পাদন এবং প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু সাফল্য অর্জন করেছে। প্রকৌশলী মো. রহমতউল্লাহ এবং পরামর্শক প্রতিষ্ঠানের টিম লিডার ইজিহান ইব্রাহিমও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রকৌশলী তাকসিম এ খান ওয়ার্কিং সেশনটি পরিচালনা করেন। অংশগ্রহণকারীবৃন্দ খসড়া মাস্টার প্ল্যানের উপর মূল্যবান মতামত রাখেন।