বিজনেস সফটওয়্যার শোকেস শুরু ২৫ মে

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)-এর সহায়তায় আগামী ২৫ ও ২৬ মে বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিজনেস সফটওয়্যার শোকেস। দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে কেবলমাত্র অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রদর্শন করা হবে। এ আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে আসুন, তুলনা করুন ও বেছে নিন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানান বেসিস’র কোষাধ্যক্ষ এবং এ আয়োজনের আহ্বায়ক উত্তম কুমার পাল। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিস’র ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলমাস কবির, বেসিস লোকাল মার্কেট (প্রাইভেট অ্যান্ড কর্পোরেট) ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান শেখ কবির আহমেদ, কমিটির কো-চেয়ারম্যান গোপাল দেবনাথ, কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।