চিড়িয়াখানায় পশু-পাখি মৃত্যুর কারণ শনাক্ত করুন

দেশের বিভিন্ন চিড়িয়াখানায় পশু-পাখি মারা যাওয়ার কারণ শনাক্ত করতে বলেছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সে সাথে ঢাকা জাতীয় চিড়িয়াখানার বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি অপসারণের যে সুপারিশ করা হয়েছিলো তা বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়। অপরদিকে প্রান্তিক জেলেদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে তাদের প্রয়োজনীয় সকল প্রকার সুবিধা প্রদানেরও সুপারিশ করা হয়। বুধবার জাতীয় সংসদ ভবনে এ বি এম আশরাফ উদ্দিন নিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব পরামর্শ ও সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে দেশে যেসব চিড়িয়াখানা রয়েছে তা নিয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন। কমিটি বিভিন্ন চিড়িয়াখানায় পশু-পাখি মারা যাওয়ার কারণ শনাক্ত করে সেগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। তাছাড়া ঢাকা জাতীয় চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি অপসারণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয়ের উদ্দেশ্যে কমিটি বলেছে ইতিপূর্বে যেসব সুপারিশ করা হয়েছিলো তা যেন দ্রুততার সাথে বাস্তবায়ন করা হয়। কমিটি সারাদেশের প্রান্তিক জেলেদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। আর তালিকা তৈরির পর প্রান্তিক জেলেদের যেন প্রয়োজনীয় সকল প্রকার সুবিধা প্রদান করা হয়। যে সকল জলাশয়ে এখনও মত্স্য পোনা অবমুক্ত করা হয়নি সেসব জলাশয়ে মত্স্য পোনা অবমুক্ত করার সুপারিশ করেছে কমিটি। তাছাড়া সারাদেশের মুক্ত জলাশয়ে তুলনামূলক বড় আকারের মত্স্য পোনা অবমুক্ত কারার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়। বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাথে সমন্বয় করে বিভিন্ন এলাকার দুগ্ধ-খামারীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের পরামর্শ দেয়া হয়েছে। অপরদিকে কমিটির সামনে ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রডাকটিভিটি প্রজেক্ট (আইএপিপি) (মত্স্য অধিদফতর ও প্রাণিসম্পদ অধিদফতর অংশ) এর কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে কমিটির সদস্যরা প্রতিবেদন পর্যালোচনা করেন। প্রকল্পের এলাকা নির্বাচন ও কার্যক্রমের অগ্রগতিতে কমিটি অসন্তোষ প্রকাশ করেছে। প্রকল্পের কার্যক্রম আরও সুনির্দিষ্ট, সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্ন করার সুপারিশ করা হয়। প্রকল্প গ্রহণের পূর্বে যে সকল এলাকায় প্রকল্প গ্রহণ করলে আরও ফলপ্রসু হবে তা বিবেচনায় রাখা এবং কমিটি প্রয়োজনে জনপ্রতিনিধিদের পরামর্শ নেয়ার সুপারিশ করেছে। কমিটির সদস্য মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস, মীর শওকত আলী বাদশা, মো. মকবুল হোসেন, মঞ্জুর কাদের কোরাইশী, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং বেগম নূর আফরোজ আলী বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।