দারিদ্র্য বিমোচনে চাই সরকারি উদ্যোগে ‘স্বপ্ন প্যাকেজ’
প্রকাশ : ২২ মে ২০১৩, ২১:২৭
নারীর ক্ষমতায়নসহ দারিদ্র্য বিমোচনে মাতৃত্বকালীন ভাতা কেন্দ্রিক ‘স্বপ্ন প্যাকেজ’ কার্যক্রম অবদান রাখছে, এমনটাই তথ্য উঠে এসেছে ‘পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্স সেন্টার’-পিপিআরসির মূল্যায়নে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ বিলিয়া মিলনায়তনে পিপিআরসি ও ডর্প আয়োজিত ‘গরীব প্রথম মা’দের উন্নয়ন চ্যালেঞ্জ: স্বপ্ন প্যাকেজ কার্যক্রম মূল্যায়ন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে এ তথ্য উঠে আসে।
অনুষ্ঠানে বলা হয়, স্বপ্ন প্যাকেজ কার্যক্রম দেশের ৪টি উপজেলায় বাস্তবায়ন করে দেখা গেছে এর মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি প্রতিবন্ধিত্বের হার ও বাল্যবিবাহের রোধ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণেও সাফল্যজনক সাড়া পাওয়া গেছে। এটি একটি অনন্য উদ্যোগ, যা এখন সরকার গ্রহণ করতে পারে। এ জন্য আলোচনায় অংশগ্রহণকারী সকলের বক্তব্যে স্বপ্ন কার্যক্রমটি রাষ্ট্রিয়ভাবে বাস্তবায়ন করার দাবির বিষয়টি জোরালোভাবে উঠে আসে। এ ছাড়া বক্তারা মাতৃত্বকালীন ভাতার পরিমাণ ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকায় উন্নীত করার দাবি জানান।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আকরাম হোসেন চৌধুরী এমপি ও পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম। অনুষ্ঠানে স্বপ্ন প্যাকেজ কার্যক্রমের মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করেন বজলে মোস্তফা রাযী। আলোচনায় অংশগ্রহণ করেন ডর্প এর প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল এএইচএম নোমান, উপদেষ্টা মোঃ আজহার আলী তালুকদার, পিপিআরসির পরিচালক সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাক্তন প্রকল্প সমন্বয়কারী ডাঃ জাফরুল¬াহ চৌধুরী, প্রাক্তন সচিব জাফর উল্লাহ খান ও আব্দুল করিম, এসডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ইসলাম সর্দার, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসলিমা রহমান লাভলী, ভূয়াপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উবিনীগ এর নির্বাহী পরিচালক ফরিদা আখতার, প্রফেসর আমীনুল ইসলাম, নারীপক্ষের সামিয়া আফরীন, মোঃ আব্দুর রৌফ ভূঞা, কালীগঞ্জ উপজেলা মা সংসদ স্পিকার অর্পিতা রানী দাস প্রমুখ। উল্লেখ্য, ডর্প ইতিমধ্যে স্পেন সরকারের সহায়তায় দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে মাতৃত্বকালীন ভাতা প্রাপ্তদের স্বাস্থ্য, শিক্ষা, আশ্রয়, জীবিকায়ন ও ক্ষুদ্রঋণ নিশ্চিত করণের লক্ষ্যে ‘স্বপ্ন প্যাকেজ’ কার্যক্রম পাইলট প্রকল্প লক্ষ্মীপুরের সদর, কমলনগর, রামগতি, নোয়াখালীর চাটখিল এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ৮৯২ মাকে নিয়ে বাস্তবায়ন করেছে।