সকালে অধিক ব্যায়াম করবেন না

ব্যায়াম সকালে না বিকেলে করবেন। এটা নিয়ে কোন ধরনের ব্যাপক মতপার্থক্য নেই। তবে বিশেষজ্ঞগণ সকালে পরিশ্রমী ব্যায়াম না করার পরামর্শ দিয়ে থাকেন। তবে সকালে হালকা ব্যায়াম করতে কোন বাধা নেই। সকালে কঠোর ব্যায়াম না করার পক্ষে বিশেষজ্ঞদের যুক্তি হচ্ছে, রাতে ঘুমানোর পর মস্তিষ্ক স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং হার্টও স্বাভাবিক অবস্থায় থাকে। সকালে ঘুম থেকে উঠে আকস্মিক কঠোর ব্যায়াম বিশ্রামে অবস্থায় থাকা মস্তিষ্ক ও হার্টের ওপর চাপ পড়ে। তীব্র ব্যায়ামে হার্টের রক্ত চলাচল অস্বাভাবিক বেড়ে যায়। ফলে অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। তাই সকালে উঠেই কঠোর বা তীব্র ব্যায়াম না করা ভালো। তবে যদি কেউ প্রতিদিন সকালে ব্যায়ামের অভ্যাস গড়ে তোলেন তাতে ক্ষতির কিছু নেই। সকালে ব্যায়ামের ক্ষেত্রে প্রথমে হালকা জগিং করে নিতে হবে। এরপর ধীরে ধীরে ব্যায়ামের গতি বাড়াতে পারেন। আর মনে রাখতে হবে স্বাভাবিকভাবে প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট ব্যায়াম করা পরিমিত ও স্বাস্থ্যসম্মত। যদি কেউ প্রতিদিন ৩০ মিনিট ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে চান তাহলে প্রথম ৫ থেকে ৭ মিনিট হালকা থেকে মাঝারি পরিশ্রমের ব্যায়াম করুন এবং অনুরূপভাবে শেষের ৫ থেকে ৭ মিনিট ধীরে ধীরে ব্যায়ামের গতি কমিয়ে আনুন। আর মধ্যখানের ১৫ থেকে ২০ মিনিট সহনীয় কঠোর ব্যায়াম করতে পারেন। এভাবে ব্যায়ামের অভ্যাস গড়ে উঠলে ক্ষতির তেমন কিছুই নেই। আর একটি কথা মনে রাখবেন সকালে নাস্তা খেয়ে বা ব্রেকফাস্ট করে কখনো ব্যায়াম করবেন না। আর যাদের ডায়াবেটিস আছে তাদের হালকা থেকে মাঝারি মাত্রার ব্যায়াম করা ভালো। কারণ ডায়াবেটিস রোগীদের তীব্র ব্যায়ামে রক্তের সুগার কমে হাইপো গ্ল¬াইসেমিয়া হতে পারে।