সজলের লাশ আনা নিয়ে পরিবারের উত্কণ্ঠা

এবার পর্বতারোহী সজল খালেদের স্ত্রী তাহমিনা খান শৈলী আর পরিবার বুঝতে পারছেন কেন পর্বতারোহণকে ইক্সিট্রিম স্পোটর্স বা ঝুঁকিপূর্ণ খেলা বলা হয়। এই খেলা শুধু সজলের জীবনই কেড়ে নেয়নি , পরিবারকে শেষ দেখাটার সুযোগ থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা সৃষ্টি করছে । গতকাল নিহত পর্বতারোহী সজল খালিদের বড় ভাই ইত্তেফাককে বলেন, তারা নেপালে বাংলাদেশি দূতাবাসের সাথে যোগাযোগ করে জানতে পারেন ভাইয়ের লাশ দেশে আনতে আনুমানিক ৫০ লাখ টাকার মতো খরচ হবে। এই ব্যয়ভার বহনের ক্ষমতা তাদের নেই। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন পর্বতারোহী সজল খালেদের লাশ সরাসরি দেশে আনবে সরকার। গতকাল মন্ত্রণালয়ে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, এই বিষয় সরকার নেপালের সাথে যোগাযোগ করে প্রয়োজনী প্রস্তুতি গ্রহণ করছে । নিহত সজল খালিদের পরিবার থেকে বলা হয় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে এই বিষয় কোন তথ্য পাননি। নেপালে অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে জানা যায়, নেপাল সরকারের কাছে সজলের লাশ দেশে পৌঁছে দেয়ার বিষয় কথা হয়। তবে বাংলাদেশ থেকে এবিষয় কোন প্রকার নির্দেশনা পাওয়া যায়নি বলে জানান নেপালে বাংলাদেশি দূতাবাসের প্রথম সচিব খান মোহাম্মদ মঈনুল হোসেন।