দশ উপজেলায় ইন্টারনেট মেলা শুরু ২৯ মে
প্রকাশ : ২২ মে ২০১৩, ২১:৩০
২৯ মে থেকে দেশের ১০টি উপজেলায় ইন্টারনেট মেলা শুরু হচ্ছে। মেলাকে সামনে রেখে ইন্টারনেট কানেকটিভিটি ও ব্যান্ডইউথ (ডাটা ট্রান্সফার রেইট) বাড়ানোর সুপারিশ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কাজী আবদুল ওয়াদুদ দারার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে ইন্টারনেট মেলার পাশাপাশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সফটওয়ার টেকনোলজি ইনকিউবেটর স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কমিটির সভাপতি জানান, কমিটির পক্ষ থেকে ইন্টারনেট কানেকটিভিটি ও ব্যান্ডইউথ বাড়ানোর পাশাপাশি এর দাম কমানোর সুপারিশও করা হয়েছে। বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় ওই সংসদীয় কমিটির সঙ্গে আলোচনা করে সুপারিশ চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে কমিটির কাছে চিঠিও পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আসন্ন বাজেটে তথ্য প্রযুক্তি খাতে বিশেষ বাজেট বরাদ্দ পেতে অর্থমন্ত্রীর সঙ্গে কমিটি আলোচনা করেছে। কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন আইটি বিশ্ববিদ্যালয় স্থাপনে শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে হাইটেক পার্ক স্থাপনের কাজ চলছে। বৈঠকে কমিটির সদস্য জুনাইদ আহমেদ পলক, ফজিলাতুন নেসা, কে এম খালিদ ও সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।