বাংলাদেশকে সমীহ করে মাঠে নামবে ইরান
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:০৫
এশিয়া মহিলা ফুটবলে বাংলাদেশের অবস্থান কোথায় সেটা বোঝা গেছে থাইল্যান্ডের বিরুদ্ধে এএফসি এশিয়ান মহিলা কাপের বাছাই পর্বে ‘বি’ গ্রুপের খেলায়। থাইল্যান্ডের কাছে ৯-০ গোলের হারে মানসিকভাবে বিধ্বস্ত বাংলাদেশের ফুটবলাররা। হারটি অবশ্য অপ্রত্যাশিত ছিল না। কিন্তু ব্যবধান যে এতো বেশি হবে তা বুঝতে পারেননি বাংলাদেশের মেয়েরা। তাই আজ বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে বিপক্ষকে খাটো করে দেখছে না বাংলাদেশ দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
ইরানও প্রথম ম্যাচে বিধ্বস্ত হয়েছে। ফিলিপাইন তাদের ৬-০ গোলে পরাজিত করে। বাস্তবে দুই দলের চিত্র একই। কোনো দলই তাই প্রতিপক্ষকে দুর্বল মনে করছে না। উভয়েই একে অপরকে সমীহ করে কথা বলছে। গতকাল সকালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন শেষে ইরান মহিলা ফুটবল দলের পর্তুগীজ কোচ হেলেনা কস্তা বলেছেন, ‘আজ বাংলাদেশের বিরুদ্ধে কঠিন ম্যাচ হবে।’
বাংলাদেশ মহিলা দলের কোচ সৈয়দ গোলাম জিলানী দুপুরে কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন করার সময় বলেন, ‘ইরান ছয় গোল হজম করেছে বলে তাদেরকে আমরা খাটো করে দেখতে পারব না।’
বাংলাদেশের জন্য থাইদের কাছে এমন হার অপ্রত্যাশিত কিছু না। কারণ এশীয় ফুটবলে বাংলাদেশের প্রবেশ বেশিদিনের নয়। তাই বলে নয় গোল হজম করে গুটিয়ে থাকতে চান না স্বাগতিক কোচ জিলানী। মেয়েদের নিয়ে কাল অনুশীলন করেছেন। বুঝাতে চেয়েছেন যা চলে গেছে তা ভুলে নতুন করে দাঁড়াবার প্রয়োজনীয়তা। ইরানকে প্রতিরোধ করার মতো শক্তি এবং সাহস দেখাতে হবে। জানা গেছে, ভুল থেকে শিক্ষা নিতে চাইছেন। ইরানের ম্যাচের ভিডিও মেয়েদের দেখিয়েছেন তিনি।
জিলানী বলেন, ‘থাইল্যান্ডের বিরুদ্ধে টেকনিকের কাছে আমরা হেরে গিয়েছি। ওরা দুই উইং দিয়ে বল নিয়ে গেছে। রাইট উইং এবং লেফট উইং ও মিডফিল্ডাররা একবার ডান পাশে আরেকবার বাঁ পাশে বল নিয়ে পেন্ডুলামের মতো করে বলটাকে এপাশ ওপাশ নিয়ে গেছে।’
ফিলিপাইনের কাছে চার মিনিটে তিন গোল হজম করে পিছিয়ে যায় ইরানীরা। মন ভেঙ্গে যায় খেলোয়াড়দের। এখন তারা আশংকা করছে প্রথম ম্যাচের ঘটনার পুনরাবৃত্তি হলেও হতে পারে আজ। ইরানী দলের কোচ পর্তুগীজ মহিলা কস্তা বলেছেন,‘৬-০ গোলে হেরেছি। আজকেও না এমনটা হয়ে যায়। কারণ প্রথম ম্যাচে মেয়েরা খেলতে নেমে হতভম্ব হয়েছিল। আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে যে কোনো কিছুই ঘটতে পারে।’
কস্তা জানিয়েছেন, ফিলিপাইনের সাথে হারটি তার কাছে অনাকাঙ্ক্ষিত ছিল। মেয়েরা ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে। তবে বাংলাদেশের বিরুদ্ধেও জয় খুব সহজ হবে না। যে কোনো কিছুই ঘটতে পারে।
আজকের খেলা ঃ
থাইল্যান্ড ঃ ফিলিপাইন এবং বাংলাদেশ ঃ ইরান
(বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টা)