থাইল্যান্ড ও ফিলিপাইনের কঠিন লড়াই আজ
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:০৭
দুই শক্তিধর থাইল্যান্ড ও ফিলিপাইন আজ এশিয়ান কাপ মহিলা ফুটবলের বাছাই পর্বের ‘বি’ গ্রুপের খেলায় পরস্পরের মুখোমুখি হবে। ঢাকায় অনুষ্ঠানরত এই প্রতিযোগিতায় গ্রুপের চারটি দলই গত মঙ্গলবার প্রথম দিনে মাঠে নেমেছিল। এর মধ্যে থাইল্যান্ড ও ফিলিপাইন উভয়েই নিজ নিজ প্রতিপক্ষের বিরুদ্ধে বীরদর্পে জয়ী হয়।
আগামী বছর অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে এই গ্রুপ থেকে একটি মাত্র দল খেলার সুযোগ পাবে। সেই লড়াইয়ে এগিয়ে আছে থাইল্যান্ড ও ফিলিপাইন। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ড ৯-০ গোলে বাংলাদেশকে এবং ফিলিপাইন ৬-০ গোলে ইরানের বিরুদ্ধে জয়ী হয়। কোন দলটি চূড়ান্ত পর্বে যাবে সেটি থাইল্যান্ড ও ফিলিপাইনের এ খেলাটির পরই বুঝা যাবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকাল চারটায়।