আইপিএলফিক্সিং

যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে শ্রীশান্থদের!

শ্রীশান্থের আইনজীবী মঙ্গলবার সকালেও বলেছিলেন, তার মক্কেল নির্দোষ; ফলে তিনি জামিন পেয়ে যাবেন। কিন্তু আদালতে মামলা উঠতে পুরো উল্টো প্রতিক্রিয়া পেলেন শ্রীশান্থ। নিজেকে প্রকাশ্যে প্রথমবারের মতো নির্দোষ দাবি করে আবারো ৫ দিনের রিমান্ডে যেতে হলো। তার চেয়েও ভয়ানক ব্যাপার হল, রাজস্থান রয়্যালসের করা মামলাটি আদালত ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় গ্রহণ করেছে; যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড! গত ১৬ মে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত সন্দেহে আরও তিন ক্রিকেটারের সঙ্গে গ্রেপ্তার হন সাবেক ভারতীয় টেস্ট ক্রিকেটার ও রাজস্থান রয়্যালসের পেসার শ্রীশান্থ। এর ধারাবাহিকতায় চেন্নাই, মুম্বাই ও দিল্লি থেকে আরও কমপক্ষে ২০জন বাজিকর এবং অভিনেতা বিন্দু দারা সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পরপরই শ্রীশান্থসহ সব ক্রিকেটার ও বাজিকরদের প্রথম দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে নয়াদিল্লির সাকেত ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশ এই রিমান্ডে যথেষ্ট তথ্য পেয়েছে এবং আরও তথ্য আশা করছে বিধায় মঙ্গলবার আবারো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুরু থেকেই শ্রীশান্থদের নামে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, ছল-চাতুরির অভিযোগে ৪২০ ও ১২০-বি ধারায় মামলা চলছিল। সর্বশেষ রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের মামলাটি ৪০৯ ধারায় লিপিবদ্ধ করা হয়। এটি মূলত ব্যাংক-বীমাসহ সকল সরকারি-বেসরকারি কর্মচারী, রাজনীতিবিদ; আইনের ভাষায় জনগণের সেবকদের বা চাকুরেদের ক্ষেত্রে বিশ্বাসভঙ্গের অভিযোগের ধারা। একজন ক্রিকেটারকে কিভাবে এই ধারায় অভিযুক্ত করা যায়, তা নিয়ে বিতর্ক চলছে ভারতে। তবে কয়েকজন ক্রীড়া ও আইন বিশেষজ্ঞ বলছেন, ক্রিকেটাররা যেহেতু দলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় এবং দেশ ও দলের প্রতিনিধিত্ব করায় এক ধরনের জনগণের চাকুরে বলে বিবেচিত হন, তাই এই ধারা চলতে পারে। তবে আইনি বিতর্ক যাই হোক, দোষী সাব্যস্ত হলে এই ধারায় ক্রিকেটারদের যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। সেটা বিচার শেষে যাই হোক, আপাতত শ্রীশান্থ দাবি করছেন, তিনি নির্দোষ। যদিও এর আগে পুলিশ সূত্র উদ্ধৃত করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছিল, শ্রীশান্থ দোষ স্বীকার করেছেন। কিন্তু গ্রেপ্তারের পর কাল প্রথমবারের মতো আদালতে সাধারণ মানুষের উদ্দেশ্যে শ্রীশান্থ বলেছেন, ‘আমি পুরোপুরি নির্দোষ। আমি কখনোই কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত হইনি। আমার বিচার ও পুলিশ বিভাগের ওপর আস্থা আছে। আশা করছি, সত্যিটা সবাই জানতে পারবেন।’ এদিকে যেমনটা অনুমান করা হয়েছিল সব পক্ষের ঘনিষ্ঠ মানুষ, বিন্দু দারা সিং গ্রেপ্তার হওয়ায় ঠিক তেমনই চাঞ্চল্যকর সব নাম জড়িয়ে পড়ছে এই স্পট ফিক্সিং মামলায়। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে দারা সিংয়ের সঙ্গে বর্তমান বিসিসিআই চেয়ারম্যান এন শ্রীনিবাসনের জামাতা এম গুরুনাথের সংশ্লিষ্টতা অনুমান করছে; যিনি আবার চেন্নাই সুপার কিংয়ের মালিকপক্ষের লোক।