আইপিএল থেকে সরে গেল পুনে
জাতীয় দলেও থাকবে না সাহারা
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:০৭
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতুন করে ঘোর সংকটে পড়েছে। না, আইপিএল ফিক্সিং নয়; এবার তারা স্পন্সর নিয়ে সংকটে পড়তে যাচ্ছে। গত মঙ্গলবার রাতে এক বিবৃতি দিয়ে চূড়ান্তভাবে আইপিএল থেকে নিজেদের দল ‘পুনে ওয়ারিয়র্স’কে প্রত্যাহার করে নিয়েছে সাহারা গ্রুপ। বিসিসিআইয়ের জন্য তার চেয়েও বাজে খবর হল, একই বিবৃতিতে তারা বলেছে, আগামী বছর থেকে আর ভারতীয় জাতীয় দলের প্রধান স্পন্সর হিসেবেও থাকছে না সাহারা।
সাহারার সঙ্গে আইপিএল কাউন্সিল, তথা বিসিসিআইয়ের সমস্যা আজ থেকে নয়। গত বছর ফেবু্রয়ারি মাসেও একবার তারা এরকম বিবৃতি দিয়ে আইপিএল থেকে নিজেদের দল প্রত্যাহার করে নিয়েছিল। সে সময় একই সঙ্গে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল সুব্রত রায় সাহারার মালিকানাধীন এই গ্রুপ। সেবার সমস্যাটা ছিল যুবরাজকে কেনা-বেচা নিয়ে। এবার সমস্যার মূলে আছে বার্ষিক ফি।
তিন বছর আগে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দর দিয়ে পুনে দলটির মালিকানা কিনে নেয় সাহারা গ্রুপ। তারা দল কিনতে খরচ করেছিল ৩৭ কোটি মার্কিন ডলার। এতো অর্থ দিয়ে দল কিনে সাহারা গ্রুপ বলছে, তারা ন্যায্য বিচার কখনোই বিসিসিআইয়ের কাছ থেকে পায়নি। সাহারার দাবিমতে, তারা ৯৪ ম্যাচের ফিক্সার দেখে বছরে ১৭০.২ কোটি রূপী ফি দিতে রাজি হয়েছিল। কিন্তু পরে দল কমে যাওয়ায় ম্যাচের সংখ্যা নেমে আসে ৬৪টিতে।
ফলে গত বছর থেকেই সাহারা তাদের নির্ধারিত ফি কমানোর আবেদন করছে। কিন্তু এই আবেদনে সাড়া দেয়নি বিসিসিআই। ফলে শেষ পর্যন্তও আবারও দল প্রত্যাহার করার ঘোষণা দিয়ে দিল এমনিতেই নানারকম অর্থনৈতিক চাপে থাকা সাহারা পরিবার।
দল প্রত্যাহার করার বিবৃতিতে সাহারা পরিবার বলেছে, ‘বড় অংকের টাকা পাওয়ার জন্য বিসিসিআই মিডিয়াতে ৯৪ ম্যাচের কথা বলেছিল। কিন্তু আমরা কার্যত দেখলাম, ৬৪ ম্যাচের খেলা হচ্ছে। আমরা এবং কোচিং বার বার বলেছি, সেই অনুযায়ী ফি কমানো হোক। কিন্তু বিসিসিআইয়ের বধির কানে আমরা কোনো কথা ঢুকাতে পারিনি। তারা আসলে অর্থ আর লাভ ছাড়া কিছুই বুঝতে চায় না। তাই আমাদের পক্ষে আর আইপিএলে খেলা সম্ভব হচ্ছে না।’
সাহারার এই সিদ্ধান্তে খুবই বিস্মিত দলটির কোচ অ্যালান ডোনাল্ড, ‘আমি খুব বিস্মিত। কারণ খুব নিশ্চিত কিছু না হলেও মালিকদের সঙ্গে আগামী মৌসুম নিয়ে কিছু কথা হয়েছিল আমার।’ একইরকম বিস্মিত দলের সিনিয়র ব্যাটসম্যান রবিন উথাপ্পাও। তবে বাজারে এখন যে পাওনা নিয়ে শঙ্কা আলোচনা, তাতে মাথা ঘামাচ্ছেন না উথাপ্পা।
অনেকেই শংকা প্রকাশ করছেন, সাহারা খেলোয়াড়দের বাকী বিরাট অংকের টাকা আর দেবে কি না! উথাপ্পাসহ কয়েকজন খেলোয়াড় অবশ্য বিশ্বাস রাখছেন মালিকদের ওপরে। বলছেন, সাহারা সবসময়ই পাওনা পরিশোধে খুব নিয়মানুবর্তীতা দেখিয়েছে; এবারও তাই হবে নিশ্চয়ই।
কিন্তু এরকম শান্তিতে থাকতে পারছে না বিসিসিআই। আইপিএলে ৩৭ কোটি ডলারে না হোক, কিছু কম দামে অন্য কারো কাছে দল তারা বিক্রি করতে পারবে। কিন্তু জাতীয় দলের জন্য এতো বিশাল টাকার স্পন্সর তারা কোথায় পাবে? ভারতীয় নিয়ম অনুযায়ী এখন আর জাতীয় দলে অ্যালকোহল, তামাকজাত পণ্যের কোনো সংস্থা স্পন্সর হতে পারবে না। সে ক্ষেত্রে বিসিসিআই আদৌ এরকম বড় স্পন্সর পাবে কি না; সেটাই এখন কোটি ডলারের প্রশ্ন।