দ্বি-স্তরের নিরাপত্তা ব্যবস্থা যুক্ত হচ্ছে টুইটারে
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২০:১৭
সাইবার নিরাপত্তার বিষয়টি সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বিশ্বের অন্যতম আলোচিত ইস্যু। বিশেষ করে গত দুই বছরে প্রযুক্তি বিশ্বের বড় বড় সব জায়ান্টরাই শিকার হয়েছে সাইবার আক্রমণের। মাইক্রোসফট, ফেসবুক, ইয়াহু, সনির পাশাপাশি মাইক্রোব্লগিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট টুইটারও একাধিকবার সাইবার আক্রমণের শিকার হয়েছে। তাতে করে বড় ধরনের ক্ষতির মুখে না পড়লেও নিজেদের ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে প্রযুক্তি বিশ্বে। পাশাপাশি টুইটারে ফাইন্যান্সিয়াল টাইমস এবং অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)’র মতো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হলে সাধারণ ব্যবহারকারীরা অনেকটাই শংকিত হয়ে পড়েন। সাইবার আক্রমণের অব্যাহত ধারা থেকে রক্ষা পেতে তাই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাড়তি সতর্কতা অবলম্বনের পথই বেছে নিয়েছে। এর মধ্যে টুইটারও সম্প্রতি বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবারে টুইটারে যুক্ত হতে যাচ্ছে দুই স্তরের লগ-ইন ব্যবস্থা। টুইটারের অ্যাকাউন্টে যাতে অনাকাঙ্ক্ষিত কেউ লগ-ইন না করতে পারে এবং কেবল প্রকৃত অ্যাকাউন্টধারীরাই লগ-ইন করতে পারে নিজেদের অ্যাকাউন্টে, সেই লক্ষ্যেই এখন থেকে টুইটার অ্যাকাউন্টে লগ-ইনের জন্য দুইটি ধাপ অতিক্রম করতে হবে। সম্প্রতি নিজেদের এক ব্লগে এই তথ্য জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। টুইটার জানিয়েছে, এখন থেকে দ্বি-স্তরের লগ-ইন ব্যবস্থায় প্রতিবারেই লগ-ইন ইনফরমেশনের পাশাপাশি অ্যাকাউন্টধারীকে ভেরিফিকেশন কোড প্রবেশ করাতে হবে। টুইটারের নিরাপত্তা বিভাগের প্রধান জিম ও’লিরি জানিয়েছেন, ‘এর জন্য প্রয়োজন হবে একটি নিশ্চিত করা ইমেইল ঠিকানা এবং ফোন নম্বর। আপনার ফোনটি টুইটার থেকে পাঠানো ভেরিফিকেশন কোড গ্রহণ করে, এটা নিশ্চিত হলেই আপনি টুইটারে প্রবেশ করতে পারবেন।’ টুইটারে প্রবেশের সময় ওই নির্দিষ্ট ফোন নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ওই ভেরিফিকেশন কোড ব্যবহার করেই লগ-ইন করা যাবে টুইটারে। অবশ্য এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অ্যাকাউন্টধারীদের পাসওয়ার্ডকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন জিম। তিনি বলেন, ‘অবশ্যই আমাদের গৃহীত পদক্ষেপগুলো আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার জন্য কাজ করবে। তবে এর বাইরেও অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করার জন্য আপনার পাসওয়ার্ডটি শক্তিশালী হওয়া প্রয়োজন।’ টুইটারের এই দ্বিস্তরের লগ-ইন ব্যবস্থাকে অনেকে ঝামেলার মনে করলেও সার্বিকভাবে সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এর প্রয়োজনীয় স্বীকার করে নিচ্ছেন সকলেই।