আড্ডা

রঙ নিয়ে যত তর্ক

যেখানে যাই ঘটুক না কেন কলেজের ক্যান্টিনে তা নিয়ে তর্ক হবে না, তা কী করে হয়। তো আজকের বিষয় হচ্ছে মেয়েদের পছন্দের রং গোলাপি, আর ছেলেদের হচ্ছে নীল পছন্দ। অন্যরা এ কথা মেনে নিলেও আঁতেল উপমা, নাটুকে নিলয়, সেন্সিবল শাহেদ, কেতাবাজ কৌশিক এবং রগচটা রাজিবরা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এসব ধরাবাঁধা নিয়ম-কানুন। ব্যস শুরু হয়ে গেল। নিলয় :সেদিন একখবরের কাগজে পড়লাম সব মেয়েদের নাকি পছন্দের রং গোলাপি মানে পিংক। ওদিকে ছেলেদের নাকি নীল রং হলো সবচেয়ে প্রিয়। আচ্ছা, এটা কোনো বিষয় হলো! এ রকম পছন্দের বিষয় নিয়ে আজাইরা কথা বলার কোনো মানে আছে। আমার তো প্রিয় রং লাল। উপমা :তোর পছন্দের রঙের সাথে ব্যাপারটা না মিলতেই পারে, এই রকম ব্যক্তিগতভাবে অনেকের সাথে না মিলতেই পারে। কিন্তু এটা ‘ধরে নেওয়া হয়’ নীল হলো পুরুষালি রং। শাহেদ :এটা কোনো কথা হলো উপমা! ‘ধরে নেওয়া হয়’ মানে কী? রঙের মাঝেও তোরা ভেদাভেদ লক্ষ করিস, পুরুষালি আর মেয়েলি দেখিস। তোদের এই ডেফিনেশন বানানোর ক্ষেত্রে আমার সত্যিই আপত্তি আছে। তা ছাড়া সব ব্যাপারেই একটা সিঙ্গেল কোট মেরে দিস কেন? রাজীব :এতে আমরা-তোরা—তা আসছে কোথা থেকে? তোরা যদি তাই মানিস তাহলে তোরা যে বলিস পুতুল ব্যাপারটা মেয়েদের, রান্নাবান্না করাটা নাকি মোটেও ছেলেদের কাজ না। তার বেলায় সেটার ডেফিনেশন তো তোরাই বানিয়ে ফেলছিস। কৌশিক :দ্যাখ, রঙের ব্যাপারটা আর কিছুই না, এটা একটা কমন ফ্যাক্টর জাস্ট। স্টাডি করলে দেখবি বেশির ভাগ ছেলেদেরই নীল রঙটা ভালো লাগে, আর মেয়েদের ভালো লাগে পিংক। তবে এটা কোথাও লেখা নেই যে, আমাদের এই কথাটা মানতেই হবে। ইচ্ছে না হলে মানব না। নীলের বদলে হলুদ মানার জন্য তো আর সরকার আমাদের উপর নতুন করে ট্যাক্স বসাবে না। উপমা :শোন রং হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাপনের ছোঁয়া। রং ছাড়া আমরা রঙিন হবো কীভাবে বল। রং না থাকলে তো জীবন পুরোটাই সাদামাটা। সুতরাং আমার মতে রং হচ্ছে সার্বজনীন এতে কোনো পুরুষালি বা মেয়েলি ব্যাপার নেই। রাজীব :মানলাম কিন্তু তাই বলে কোনো ছেলে যদি গোলাপি রঙের টিশার্ট পরে হাটে তাহলে তাকে আমরা কী বলব। অবশ্যই রঙের নির্বাচনের ব্যাপারে কিছুটা সচেতনতা তো থাকতে হবেই। যাই হোক আমার মতে যারা গোলাপি যারা পরে তারা পুরো... যা হোক বাকিটা নাই বললাম। শাহেদ :তুই তো ব্যাপক উত্তেজিত দেখছি। আরে ভাই গোলাপি পরলে তো দোষের তেমন কোনো কিছু দেখছি না। আমার মতে কাপড়ের রঙের চেয়ে মনের রং হচ্ছে মূল বিষয়। এ ছাড়া অন্যকোনো কিছু চিন্তা করে খামাখা সময় নষ্ট করার কোনো মানেই দেখি না। ছবি দীপঙ্কর দীপু