কাহালুতে ট্রাকের চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

কাহালুতে ট্রাকের চাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম আনিছার রহমান (৫০)। নিহত শিক্ষক আনিছার রহমান কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের বড়পুকুর গ্রামের আবুল হোসেনের পুত্র। তিনি শীতলাই সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার এব্তেদায়ী বিভাগের প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাহালু-বগুড়া সংযোগ সড়কের মুরইল ইউনিয়নের শীতলাই গ্রামে চেরিশ ফিড মিলের সামনে মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে আনিছার নিজ সাইকেলে চড়ে কাহালু উপজেলা সদরে আসছিলেন। এ সময় ভাংরী মালামাল বোঝায় বগুড়াগামী একটি ট্রাকের (ঢাকা,মেট্রো-ট-১৮-৭৪৫৭) চাপায় ঘটনাস্থলে নিহত হন তিনি। এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করা সহ ট্রাকের  চালক ও হেলপারকে গ্রেফতার করেছে। 

আটক ট্রাকচালক শাহীন ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার পুক্ষিয়া গ্রামের সফিক পাটনাইয়ের পুত্র এবং হেলপার নোয়াখালী জেলার রাঙ্গুতি উপজেলার মুরাদ বাতেন সমাজ গ্রামের ইউসুফের পুত্র বলে জানা গেছে। ট্রাকটি কাহালু থানায় রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত থাকায় কোন মামলা হয়নি। কাহালু থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু