আমার চিঠি

পরীক্ষার উপযোগী নিচের পত্রটি তৈরি করে পাঠিয়েছে পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. মোজাম্মেল হক কাজলদিঘী, পঞ্চগড়। ২৫.০৫.২০১৩ প্রিয় রাতুল, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছ। গতকাল তোমার চিঠি পেয়ে বিস্তারিত জেনে খুশি হলাম। আর আমি তোমার সাথে অনেক দিন কোন যোগাযোগ করতে পারিনি। ‘নিরক্ষরতার অভিশাপ’ থেকে আমাদের গ্রামকে মুক্ত করার কাজে ব্যস্ত ছিলাম বলে । তুমি তো নিরক্ষরতার ভয়াবহতা সম্পর্কে অনেক বেশি সচেতন, কারণ তুমি তো শহরে থাক। কিন্তু আমার প্রিয় গ্রামটি নিরক্ষরতার অভিশাপে অন্ধকারাচ্ছন্ন- তাই গ্রামের লোকেরা প্রতিনিয়ত ঠকছে, বঞ্চিত হচ্ছে, ধোকা খাচ্ছে, রোগ-শোকে ধুকে মরছে। আর এ ব্যাপারটি কোন ক্রমেই মেনে নিতে পারছিলাম না। তাই সমমনা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত গ্রহণ করি যেভাবেই হোক গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করব। এজন্য আমরা ‘প্রত্যয়’ নামে একটি সংগঠন গড়ে তুলি। এরপর আমরা গ্রামের গুনীজনদের সাথে কথা বলি। তাঁরা আমাদের কথা শুনে খুব খুশি হন এবং নানা পরামর্শ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমাদের বাড়ীর উঠোনে একটি নৈশ বিদ্যালয় স্থাপন করি। সে এক দারুন দৃশ্যের অবতারণা হয় যখন গ্রামের নিরক্ষর পুরুষ ছেলে, বউঝিরা পড়ালেখা করতে এ নৈশ বিদ্যালয়ে আসতে শুরু করে। আমরা প্রত্যেকের কাজ ভাগ করে নেই এবং প্রত্যেকেই শিক্ষকের ভূমিকা পালন করি। এভাবে আজ ছয়মাস কাজ করছি। আশা করি আর ছয়মাস কাজ করলে গ্রামের সব বয়স্কদের নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা যাবে। ইতোমধ্যে উপজেলা কর্মকর্তা ও জেলা প্রশাসক আমাদের নৈশ বিদ্যালয় পরিদর্শন করে গেছেন এবং কিছু সাহায্যের ও আশ্বাস দিয়ে গেছেন। আমি বুঝলাম, আসলে উদ্যোগ নিলেই হয়। উদ্যোগ নিয়েছি বলেই আজ গ্রামের সব বয়স্করা নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হতে চলছে। তুমি সময় পেলে একবার আমাদের নৈশ বিদ্যালয়টি এসে দেখে যেও। আজ আর নয়। চিঠির উত্তর দিও। ইতি তোমার প্রীতিমুগ্ধ সুমন