বাংলাদেশের ভরসা আজ আত্মবিশ্বাস

বাংলাদেশ মেয়েদের এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের বি- গ্রুপের খেলায় আজ শেষ ম্যাচে শক্তিশালী ফিলিপাইনের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী থাকছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে খেলাটি। এর আগে বিকাল চারটায় একই মাঠে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা থাইল্যান্ড খেলবে ইরানের বিরুদ্ধে। স্বাগতিক মেয়েরা প্রথম দুই ম্যাচে হারের পর এখন ফিলিপাইনের মোকাবেলা করতে যাচ্ছে। এশিয়ান ফুটবলে কেবল ‘শুরু’ করা বাংলাদেশের মেয়েরা অনেক পিছিয়ে রয়েছে। শারীরিক গড়ন ও সক্ষমতা, স্ট্যামিনা, রানিং, ড্রিবলিং কিংবা ‘অ্যারিয়াল টাসল’ কোন দিক থেকেই তারা এখনও এশীয় মানে পৌঁছাতে পারেনি। অথচ একই যাত্রায় ফিলিপাইনে সিংহভাগ খেলোয়াড় যুক্তরাষ্ট্রে কলেজ পর্যায়ের ফুটবলে (এনসিএএ) খেলে থাকেন। এরপরও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে লড়াইয়ের আশা করছে বাংলাদেশ দল। সে প্রমাণ তারা রেখেছে ইরানের বিরুদ্ধে ২-০ গোলের হারের মধ্যেও। খেলাটিতে বাংলাদেশের ইতি, বীথি, সাবিনা, মাইনু, অম্রাচিং মারমা, সুইনু মারমার খেলায় ঝাঁজ ছিল। থাইল্যান্ডের বিরুদ্ধে খেলাটির মতো ঘাবড়ে যাননি খেলোয়াড়রা। বরং ইরানের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশের খেলোয়াড়রা। এ কারণেই ইরান খুব সহজে জিততে পারেনি। ইরানের পর্তুগীজ কোচ বাংলাদেশের মেয়েদের খেলা দেখে অভিনন্দন জানিয়েছেন। ইরানের বিরুদ্ধে খেলাটির পরই বাংলাদেশের মেয়েরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। অমিত শক্তিধর ফিলিপাইনের বিরুদ্ধেও আত্মবিশ্বাসই হলো স্বাগতিকদের বড় পুঁজি। তাই ফিলিপাইনের কাছে হারের শংকার মধ্যেও দলটি যেন বলে কয়ে হারাতে না পারে, সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। এদিকে গতকাল দিনভর বৃষ্টি হওয়ায় বাংলাদেশের মেয়েরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সামনে হালকা অনুশীলন করে। খেলোয়াড়দের পরামর্শ দেয়া হয়েছে চাপ না নিয়ে ম্যাচ খেলতে। কোচ সৈয়দ গোলাম জিলানী জানিয়েছেন তিনি ফিলিপাইনের বিরুদ্ধে রক্ষণাত্মক ফুটবল খেলাবেন। ফিলিপাইন দলের তুলনায় বাংলাদেশের মেয়েরা যে আত্মবিশ্বসী সেটা বোঝা যায় ফিফার বিশ্ব র্যাকিংয়েই দেশ দুটির অবস্থান যথাক্রমে ৮৩ ও ১০৮। তাছাড়া ফুটবল দর্শকরা চার দলের খেলোয়াড়দের দেখে বুঝেছেন বাস্তবতার নিরিখে বাংলাদেশের সামর্থ্য কতটুকু। তারপরও র্যাংকিংয়ে ৫২ নম্বরে থাকা ইরানের বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে সঙ্গত কারণেই ফিলিপাইনের বিরুদ্ধে আরো ভালো খেলা দেখতে চায় দেশের ক্রীড়ামোদীরা। এ প্রসঙ্গে কোচ জিলানীর বক্তব্য হলো- তারা ইরানের বিরুদ্ধে সাহস, শক্তি এবং আত্মবিশ্বাস পেয়েছেন। সেটাই আজ কাজে লাগাতে চাইবেন। তবে অবশ্যই সেটা রক্ষণ দুর্গ আগলে রেখে। ফিলিপাইন ঢাকায় এসেছে চূড়ান্ত পর্বে উঠার লক্ষ্য নিয়ে। সেক্ষেত্রে বাংলাদেশকে হারানোর পাশাপাশি দিনের প্রথম খেলায় থাইল্যান্ডের বিরুদ্ধে ইরানকে জিততে হবে। কেবল তখনই ফিলিপাইনের সম্ভাবনা জেগে উঠবে গোল গড়ের বিচারে। এ কারণে থাইল্যান্ড ও ইরানের খেলাটির দিকে তাকিয়ে থাকবে ফিলিপাইন। থাইল্যান্ড অবশ্য প্রত্যাশিতভাবে ইরানকে হারিয়ে দিলে ফিলিপিনোদের কোন আশাই থাকবে না। পয়েন্ট তালিকা দল খেলা জয় ড্র হার গোল পয়েন্ট থাইল্যান্ড ২ ২ ০ ০ ১০/০ ৬ ইরান ২ ১ ০ ১ ২/৬ ৩ ফিলিপাইন ২ ১ ০ ১ ৬/১ ৩ বাংলাদেশ ২ ০ ০ ২ ০/১১ ০