বিপিএলে স্পট ফিক্সিং!

অভিযুক্তরা বলছেন ষড়যন্ত্র

একদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফিক্সিং নিয়ে ভারতসহ সারা ক্রিকেট বিশ্বেই তোলপাড় চলছে। সেই তোলপাড়ে ভাসা ভাসাভাবে বাংলাদেশেরও নাম এসেছে। কিন্তু সেই ‘ভাসা ভাসা’ ব্যাপার নিয়ে সোরগোল জমে উঠার আগেই বিস্ফোরণের মতো করে জানা গেল—বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে অন্তত দুইটি ম্যাচ নিয়ে কঠোর তদন্ত চালাচ্ছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। আর এই তদন্তে চাঞ্চল্যকর সব নাম উঠে এসেছে। ইতিমধ্যে কয়েকজন তারকা খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পত্রিকান্তরে প্রকাশিত সংবাদ অনুযায়ী এই পুরো ব্যাপারটায় সন্দেহের কেন্দ্রে আছে বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা গ্লাডিয়েটর্স দল। কিন্তু সন্দেহের তীর যাদের দিকে সেই ঢাকা গ্লাডিয়েটর্সের চেয়ারম্যান সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেছেন, এসবই ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে দুইটি ম্যাচে (২ ফেব্রুয়ারি ঢাকা-বরিশাল এবং ১২ ফেব্রুয়ারি ঢাকা-চিটাগাং) স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে দুইবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্লাডিয়েটর্সের বিপক্ষে। অভিযোগ উঠেছে সেই দলের একজন ক্রিকেটারের বিপক্ষেও। পুরো ব্যাপারটি নিয়ে তদন্ত করছে আকসু। প্রাথমিক তদন্তে ঢাকার নাম উঠায় বিস্ময় প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান সেলিম চৌধুরী। বিদেশ থেকে ফিরেই কাল এ খবর জানতে পেরে তিনি ইত্তেফাককে বলেন, ‘আমার কাছে পুরো বিষয়টি ষড়যন্ত্র মনে হচ্ছে। বিপিএল শেষ হয়েছে চার মাস হলো। এতদিন পর কেন স্পট ফিক্সিংয়ের কথা উঠবে? আইপিএলে স্পট ফিক্সিং নিয়ে যখন ভারতজুড়ে তোলপাড়, তখনি আমাদের বিপিএলে এ ধরনের খবর ছড়ানো হয়েছে। এটা ভারতের ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র।’ অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতদিন ব্যাপারটা চেপে রাখলেও এখন স্বীকার করছে যে, এমন একটা তদন্ত চলছে। আর বিসিবি যা বলছে তাতে সেলিম চৌধুরীর এই অভিযোগের সত্যতা পাওয়া কঠিন। আকসুর তদন্ত গত চার মাস ধরেই চলছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলর সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। কাল টেলিফোনে বেশ আক্ষেপ করেই নিজেদের অসহায়ত্বের কথা জানালেন তিনি, ‘দেখুন, আইসিসি থেকে আমাদের নির্দেশনা ছিল আকসুর এই তদন্ত কোথাও যেন প্রকাশ না পায়। কিন্তু তবুও এই তদন্ত প্রকাশ পেয়ে গেল। তারা চার মাস ধরেই তদন্ত করছে। কিছুদিন আগে তারা ঢাকায় এসেছিলেন। তবে নিশ্চিত থাকতে পারেন, এখন আকসুর প্রতিনিধিদল ঢাকায় নেই।’ তদন্তের স্বার্থে আকসুর প্রতিনিধিদল ঢাকা গ্লাডিয়েটর্সের বেশ কয়েকজন ক্রিকেটারকে তলব করেছিল। এর মধ্যে মোহাম্মদ আশরাফুল অন্যতম। এই ক্রিকেটারকে আকসুর কাছে দুই-তিনবার জবাবদিহি করতে হয়েছে। এছাড়া মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের সাথেও কথা বলেছেন তারা। এমনকি চিটাগাং কিংসের কয়েকজন ক্রিকেটারের সাথেও কথা বলেছেন আকসুর প্রতিনিধিদল। আকসুর তদন্ত কাজ শেষ হয়নি। তাই বিসিবিও স্পট ফিক্সিংয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তবে অভিযোগ প্রমাণিত হলে বিসিবি কঠোর অবস্থানে যাবে, সেটা বিপিএল গভর্নিং কাউন্সিলরের সদস্য সচিব পরিষ্কার করে দিলেন, ‘দেখুন, ম্যাচ পাতানোর ব্যাপারে কোনো আইন নেই আমাদের দেশে। তবুও ম্যাচ পাতানোর ব্যাপারে বিসিবি কখনোই বরদাস্ত করেনি। এখনো করবে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টরা অবশ্যই শাস্তি পাবে’। অভিযোগ উঠেছে, বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা গ্লাডিয়েটর্সের স্বত্বাধিকারীর বিপক্ষে। অভিযোগ প্রমাণিত হলে বিপিএল থেকে তাদের বাদ দিয়ে দেবে বিসিবি। শুধু তাই নয়, তাদের চ্যাম্পিয়নশিপও কেড়ে নেয়া হবে বলে বোর্ড সূত্রে জানা যায়। কিন্তু যাদের বিপক্ষে অভিযোগ সেই ঢাকার চেয়ারম্যান সেলিম চৌধুরী বললেন উল্টো নিজেদের তদন্তের কথা, ‘প্রয়োজন হলে আমরা নিজেরাই তদন্ত কমিটি করবো। কেউ দোষী সাব্যস্ত হলে আমরাই শাস্তির ব্যবস্থা করবো।’ বিপিএলে স্পট ফিক্সিংয়ে বাংলাদেশি এক ক্রিকেটারের নাম এসেছে। তদন্তের স্বার্থে সেই নাম প্রকাশ করছে না বিসিবি। বিপিএলের প্রথম ভার্সনে ঢাকা গ্লাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় শরিফুল হক প্লাবন। আইসিসির কোনো তদন্ত কমিটি না থাকায় নিজেরাই তদন্ত করে প্লাবনকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছিল ক্রিকেট বোর্ড। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিপিএলের দ্বিতীয় আসরে ফের স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এবারও সেই একই দল ঢাকা গ্লাডিয়েটর্সের দিকে সন্দেহের তীর। স্পট ফিক্সিং কিংবা ম্যাচ ফিক্সিং নিয়ে বিসিবির বাড়তি সতর্কতাই যদি থাকবে তাহলে বারবার এই টুর্নামেন্টের দিকেই সন্দেহ ঘনীভূত হচ্ছে কেন? বিপিএল গভর্নিং কাউন্সিলরের সদস্য সচিবের ব্যাখ্যা দিলেন এভাবে, ‘আমরা প্রায় দুই কোটি টাকা খরচ করে আকসু প্রতিনিধিদের এনেছি এবারের আসরে। আমাদের সদিচ্ছার কোন কমতি ছিল না। অভিযোগ উঠতে পারে অনেকের বিরুদ্ধে। সবাই কি দোষী সাব্যস্ত হয়?’ যে দুইটি ম্যাচে স্পট ফিক্সিং নিয়ে অভিযোগ উঠেছে তারই একটি ম্যাচে ঢাকার প্রতিপক্ষ ছিল চিটাগাং কিংস। আকসু প্রতিনিধিদলের সন্দেহ রয়েছে সেই দলের প্রতিও। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন চিটাগাং কিংসের স্বত্বাধিকারী সামির কাদির চৌধুরী। তাকে উদ্ধৃত করে কাল দলের মিডিয়া ম্যানেজার আতিফ আজম বলেছেন, ‘স্পট ফিক্সিং নিয়ে যে কথা উঠেছে তার সাথে চিটাগাং কিংসের কোন সম্পৃক্ততা নেই। এটা সম্পূর্ণ ঢাকা গ্লাডিয়েটর্সের ব্যাপার। তাছাড়া স্পট ফিক্সিংয়ে কোথাও চিটাগাং কিংসের কথা উল্লেখ নেই।’ এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আমন্ত্রণে আইপিএল ফাইনাল দেখতে মুম্বাই গেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ধারণা করা যাচ্ছে, আইপিএল ফাইনাল দেখা ছাড়াও স্পট ফিক্সিং নিয়েও বিসিসিআইয়ের সাথে আলোচনা করতে পারেন বোর্ড সভাপতি।