আইপিএলে স্পট ফিক্সিং
বোমা ফাটালেন শ্রীনিবাসনের ছেলে
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২১:৪০
মনে হচ্ছে ২০০০ সাল যেন ফিরে এসেছে। শুরুতে সামান্য মনে হলেও আস্তে আস্তে সেই ২০০০ সালের মতোই বিশাল এক কেলেঙ্কারিতে পরিণত হতে চলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্পট ফিক্সিং বিতর্ক। সর্বশেষ ব্যাপারটি গুরুতর আকার ধারণ করেছে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মেইয়াপ্পান এই বিতর্কে সন্দেহভাজন বলে বিবেচিত হওয়ায়। সর্বশেষ গতকাল সন্ধ্যায় মুম্বাই পুলিশের অফিসে হাজিরা দেওয়ার কথা চেন্নাই সুপার কিংসের এই ‘কথিত’ প্রধাণ নির্বাহীর। শেষ খবর পাওয়া পর্যন্ত মাদুরাই থেকে ভাড়া করা বিমানে চড়ে শ্বশুর শ্রীনিবাসনের সঙ্গে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন মেইয়াপ্পান।
পুলিশ গত রাতে তাকে গ্রেপ্তার করুক আর ছেড়ে দিক; বিতর্ক যে শ্রীনিবসানকে গ্রাস করেছে, তাতে সন্দেহ নেই। এত্তো বড় একটা কেলেঙ্কারিতে পরিবারের সদস্য ও তারই প্রতিষ্ঠানের কর্মকর্তা মেইয়াপ্পান জড়িত হওয়ায় বিভিন্ন মহল থেকে বিসিসিআই সভাপতি পদ থেকে শ্রীনিবাসনের পদত্যাগের দাবি উঠছে। এই দাবি করেছেন, সদ্যই আইপিএলের সঙ্গে সম্পর্ক শেষ করা সাহারা পরিবারের প্রধাণ সুব্রত রায় এবং বিসিসিআই ও আইসিসির সাবেক সভাপতি শরদ পাওয়ার।
তবে ‘সেরা’ বোমাটা ফাটিয়েছেন শ্রীনিবাসনের ছেলে স্বয়ং অশ্বিন শ্রীনিবাসন। ভারতীয় পত্রিকা ডিএনএনকে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে অশ্বিন দাবি করেছেন, তার ‘প্রতারক’ ভগ্নিপতি মেইয়াপ্পন একজন পুরোনো জুয়াড়ী। সেই সঙ্গে নিজের বাবাকেও ছাড়েননি অশ্বিন। বলেছেন, তার বাবারও দুবাই ভিত্তিক কালো জগতের সঙ্গে সম্পর্ক আছে।
পুরো ঘটনার সূত্রপাত গত ১৬ মে। এদিন দিল্লী পুলিশ এক অভিযান চালিয়ে আইপিএলের কমপক্ষে তিনটি ম্যাচে স্পট ফিক্সিংয়ের অপরাধে টেস্ট ক্রিকেটার শ্রীশান্থসহ রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার এবং এক গাদা বাজিকর গ্রেপ্তার করে। এরপর প্রতিদিনই ভারতের কোনো কোনো প্রান্তে অভিযানে ঝাকে ঝাকে বাজিকর গ্রেপ্তার হয়েছেন। এর ধারাবাহিকতায় মুম্বাই ও কলকাতার চলচ্চিত্র জগতেও হাত পড়েছে। মুম্বাই থেকে গ্রেপ্তার হয়েছেন অভিনেতা বিন্দু দারা সিং। বিন্দুর দ্বিতীয় দফা রিমান্ড মঞ্জুর হয়েছে গতকাল। আর প্রথম দফাতেই তিনি যাদের নাম বলে দিয়েছেন, তার মধ্যে আছেন মেইয়াপ্পান।
বুধবারই মেইয়াপ্পানের বাড়িতে তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। না পেয়ে সমন জারি করা হয়। এরই মধ্যে মেইয়াপ্পানের কারণে বিপাকে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। কারণ আইপিএলের আইন অনুযায়ী, কোনো দলের শীর্ষ কর্মকর্তা বেআইনি কাজে অভিযুক্ত হলে দলকে বহিস্কার করার কথা।
এই শাস্তি থেকে বাচতে গতকাল এই বিবৃতি দিয়ে চেন্নাই দল দাবি করে যে, মেয়াইয়াপ্পান তাদের প্রধাণ নির্বাহী বা শীর্ষ কর্মকর্তা নন! কিন্তু গতকাল দুপুর পর্যন্ত মেইয়াপ্পানের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে তার পরিচয় চেন্নাই সুপার কিংয়ের ‘টিম প্রিন্সিপাল’ লেখা ছিল! তবে টুইটারের ছবিটি প্রকাশের খানিক পরই এই পরিচয় বদলে ফেলা হয়!
এদিকে মেইয়াপ্পানের অফিশিয়াল পরিচয় যাই হোক, তিনি যে শ্রীনিবাসনের জামাতা, তাতে সন্দেহ নেই। আর এই অভিযোগেই ভারতীয় ক্রিকেটের হর্তাকর্তারা শ্রীনিবাসনের পদত্যাগ চাইছেন। শরদ পাওয়ার বলেছেন, ‘সম্মানবোধ থাকলে এই অভিযোগ ওঠামাত্র এই পদ থেকে পদ্যাগ করা উচিত।’ আর সুব্রত রায় বলছে, ‘সে (শ্রীনিবাসন) নিজেই হল সমস্যা। আমি নিজে বা পরিবারের কেউ অন্যায় করলে আমাকেই দায় নিতে হবে। অবশ্যই তার পদত্যাগ করা উচিত।’
তবে সবচেয়ে ভয়ানক কথাগুলো বলেছেন শ্রীনিবাসনের ছেলে অশ্বিন। বাবার সঙ্গে আগেই খারাপ সম্পর্ক থাকা মাদকাসক্তি ও মারপিটের অভিযোগের জন্য আগে আলোচনায় আসা অশ্বিন বলছেন, মেইয়াপ্পান মিথ্যা বলে তার বোনকে বিয়ে করে কার্যত পরিবারের ব্যবসা দখল নিয়ে নিয়েছেন। তার দাবি, ‘গুরু একটা প্রতারক। আইপিএল চালু হওয়ারও আগে থেকে ওর সঙ্গে চেন্নাই থেকে শুরু করে দুবাইয়ের অনেক বাজিকরের সম্পর্ক আছে। ও বছর কয়েক আগে ব্যবসা শুরু কর, আর এখন কেমন ফুলেফেপে উঠেছে!’
আবার বাবার ব্যাপারে ইঙ্গিতপূর্ন এক তথ্য দিলেন অশ্বিন, ‘আপনাদের বলি, বাবা সব জায়গায় নিজের বিমান নিয়ে যায়-আসে। দেশের বাইরে যেভানেই যাক; যাতায়াতের সময় রিফুয়েলের নামে দুবাইতে চার ঘন্টার বিরতি নেয়। মনে রাখবেন, কখনোই বাবা কুয়েত বা অন্য কোথাও রিফুয়েল করায় না। এর মানে কী?’
এর মানে তো ভয়াবহ এক ইঙ্গিত!