এএফসি অনূর্ধ্ব-১৪ বাছাই ফুটবল

জুনিয়র ফুটবল দল মিয়ানমার যাচ্ছে আজ

এএফসির প্রতিবছর অনূর্ধ্ব-১৪ বছর খেলোয়াড়দের নিয়ে ফুটবল ফেস্টিভাল আয়োজন করত প্রতিবছর। সেটা এখন থেকে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে পরিণত হয়েছে। আগামী বছর হবে সেই টুর্নামেন্ট। তার আগে অংশগ্রহণ করতে যোগ্যতার পরীক্ষা দিতে হবে দলগুলোকে। এর জন্য আট গ্রুপে ৪৮টি দলকে বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। প্রতি গ্রুপ থেকে একটি করে দল চূড়ান্ত পর্বে উঠবে বলে জানিয়েছে বাফুফে। বাংলাদেশ খেলছে ‘এফ’ গ্রুপে। প্রতিপক্ষ দলগুলো হচ্ছে থাইল্যান্ড, লাওস, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া। খেলা হবে মিয়ানমারে। বাংলাদেশের কিশোর ফুটবল দল আজ রাতে ঢাকা ছাড়বে। মালয়েশিয়া হয়ে মিয়ানমার পৌঁছাবে ক্ষুদে ফুটলাররা। এবারও সেই একই কথা, বাংলাদেশের ছেলেরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যেতে পারছে না। বাংলাদেশ শক্তি গ্রুপে পড়েছে। চূড়ান্ত পর্বে উঠতে পারবে কিনা তা জানাতে পারেননি দলের কোচ উজ্জল চক্রবর্তী শিবু। তিনি জানিয়েছেন, ‘প্রতিপক্ষ দলগুলোর খেলা দেখলে একটা অনুমান করা যেতো। তাতে বলাটাও সহজ হতো। আমরা তো কোনো দলের খেলা দেখিনি।’ অনূর্ধ্ব-১৪ ফুটবল দলের মিয়ানমার সফর উপলক্ষে গতকাল দুপুরে বাফুফেতে আয়োজিত সংবাদ সম্মেলনে জুনিয়র ফুটবল ঘোষণা করা হয়। অধিনায়ক হয়েছেন মিনহাজুর রহমান রাকিব। লালবাগের ওয়েষ্ট এন্ড হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র কাল সংবাদ সম্মেলনে জানালেন তিনি অধিনায়ক হয়ে অনেক খুশি। চেষ্টা করবেন তার সামর্থ্যে সবটুকু কাজে লাগিয়ে খেলবেন। রাইট ব্যাক পজিশনের এই ক্ষুদে ফুটবলার জানালেন বাফুফে আয়োজিত কোনো ফুটবল টুর্নামেন্ট খেলেননি। ট্রায়াল ডাকা হয়েছিল। সেখানে তিনি অংশগ্রহণ করে সুযোগ পেয়েছেন।