আইসিটি ও কম্পিউটার শিক্ষার গুরুত্ব বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে ও আইসিটি এডুকেশন ফাউন্ডেশনের সহযোগিতায় ‘জাতীয় উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রত্যাশিত সিলেবাস’ শীর্ষক সেমিনার সম্প্রতি ডিআইইউ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিসিসিআই-এর সভাপতি ডিআইইউ’র বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান মো. সবুর খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুত্ফর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম ও এফবিসিসিআই-এর পরিচালক ও আইসিটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাফকাত হায়দার। অনুষ্ঠানে বক্তারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে কম্পিউটার ও প্রযুক্তি শিক্ষাকে বাধ্যতামূলক রাখার পাশাপাশি এর পাঠ্যসূচীকে যুগোপযোগী করে তোলা প্রয়োজন বলে মত প্রকাশ করেন। সেমিনারে সারাদেশ থেকে বিভিন্ন কলেজের ১৫০ জন কম্পিউটার শিক্ষক অংশগ্রহণ করেন।