ফ্রেঞ্চ ওপেন

জোকোভিচের দৃষ্টি ক্যারিয়ার স্ল্যামে বাধা নাদাল

নোভাক জকোভিচ তার ক্যারিয়ারের একটা অতৃপ্তি এবারের ফ্রেঞ্চ ওপেনেই গোছাতে চান। সার্বিয় এই টেনিস খেলোয়াড় ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন থেকে যাত্রা শুরু করে সময়ের সাথে আরো পরিনত হয়েছেন, জয় করেছেন ইউএস ওপেন এবং উইম্বল্ডন শিরোপা। এরপরও একটা অতৃপ্তি রয়ে গেছে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের পর পাঁচটি বছর অতিক্রান্ত হলেও এখনো যে রোলা গ্যারোর মুকুট যে পরা হয়নি। তাই আজ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির চলতি আসরেই তিনি ঘুচিয়ে ফেলতে চান সব আক্ষেপ। যদিও এ ব্যাপারে তার জন্য বাধার প্রাচীর হয়ে দাঁড়াতে পারেন অষ্টমবারের মতো ক্লে কোর্টের গ্র্যান্ডস্ল্যামটি জিততে আগ্রহী রাফায়েল নাদাল। জকোভিচ কোন রাখডাক না রেখেই এই সার্বিয়ান বলেই দিয়েছেন, ফ্রেঞ্চ ওপেন জিতে এবছরই নাম লেখাতে চান সবগুলো গ্র্যান্ডস্ল্যাম জেতা খেলোয়াড়দের ছোট তালিকায়। মাত্র ২১ বছর বয়সে ২০১১ সালে রড লেবার অ্যারেনায় শিরোপা জিতে চমকে দিয়েছিলেন অনেককেই। তবে এরপরে তার সাফল্য আর কারো কাছে চমক হয়ে আসেনি। রজার ফেদেরার, রাফায়েল নাদালদের পিছনে ফেলে তিনিই এখন র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা। গত কয়েক বছরের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন শীর্ষ বাছাইয়ের মর্যাদা। আর ২৬ বছর বয়সী এই তারকাও মুখিয়ে আছেন প্যারিসে সার্বিয়ার নিশান ওড়াতে। নিজের ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টটাই এবছর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে জেতার জন্য আমি মুখিয়ে আছি, সন্দেহ নেই জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টাটাই আমি করবো। আমার মনে হয় আমার খেলার মানও যথেষ্টই ভালো আছে। (এখানে জয়ের জন্য) আমি বাড়তি তাড়না অনুভব করি।’ এরপরই এই তারকা প্রকাশ করেছেন মনের সুপ্ত বাসনাটার কথাও। তিনি বলেন, ‘আমি জানি এখানে যদি জিততে পারি তাহলে সেটা ঐতিহাসিক একটা ব্যাপার হবে। যেসব খেলোয়াড় (ক্যারিয়ার স্ল্যাম পূর্ণ করা) এই ছোট তালিকায় নাম লিখিয়েছেন, তা খুবই ছোট। চারটি গ্র্যান্ডস্ল্যামই জয় করে তাদের পাশে দাঁড়ানোটা আমার জন্য খুবই সম্মানের একটা ব্যাপার হবে।’ তবে ট্রফি হাতে দেশে ফেরাটা মোটেই সহজ হবে না ‘জোকারের’ জন্য। তার পথে কাটা বিছাতে প্রস্তুত রোলা গারোর মুকুটহীন সম্রাট নাদাল। গত আট বছরে সাতবারই শিরোপা জিতে এই ট্রফিটাকে বলতে গেলে নিজের ব্যক্তিগত সম্পত্তিতেই পরিনত করেছেন তিনি! ড্রতে দু’জনে একই অর্ধে নামভুক্ত হওয়ায় সবকিছু ঠিকঠাক থাকলে সেমিফাইনালেই দেখা হচ্ছে দু’জনের। তবে সে বিষয়ে চিন্তিত মনে হলো না কাউকেই। বরং, ধাপে ধাপে সামনে এগোনোকেই গুরুত্ব দিচ্ছেন তারা। স্প্যানিশ এই টেনিস সুপারস্টার টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা একই অর্ধে আছি, তবে প্রথম রাউন্ডে তো আর নয়। তাই না? সে আর আমি যদি এক এবং দুই নম্বর খেলোয়াড় না হই, তাহলে এটা হতেই পারে। তবে মনে রাখতে হবে টুর্নামেন্টটা শুরু হয় প্রথম রাউন্ড থেকে। আমি নিশ্চিত, আমাদের দু’জনের চিন্তাধারা একই রকম। দু’জনেই জানি তার আগে (সম্ভাব্য সেমিফাইনাল) নিজেদের কঠিন এক পথই পাড়ি দিতে হবে।’ নাদাল প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন জার্মানির ড্যানিয়েল ব্রান্ডসের। অন্যদিকে জোকোভিচ টুর্নামেন্ট শুরু করবেন বেলজিয়ামের ডেভিড গোফিনের বিরুদ্ধে। এটাই হবে দু’জনের প্রথম সাক্ষাত্। তবে আপাতদুর্বল প্রতিপক্ষকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না জোকোভিচ। তিনি বলেন, ‘সে বিপজ্জনক প্রতিপক্ষ। যেসব তরুণ খেলোয়াড় দ্রুতই উঠে আসছে এবং সেরা খেলোয়াড় হবার উজ্জ্বল সম্ভাবনা আছে সে তাদের মধ্যে একজন। সে প্রতিভাবান এবং ভালো করেই জানে ক্লে কোর্টে কিভাবে খেলতে হয়। গত বছরই তার প্রমাণ সে দেখিয়েছে। তাই প্রথম ম্যাচ থেকেই নিজের সেরাটা ঢেলে দিতে আমাকে সচেষ্ট থাকতে হবে।’