সুপার কাপে খেলবে মোহামেডান
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:০২
অবশেষে মোহামেডানও রাজি হলো সুপার কাপ ফুটবলে অংশ নিতে। ১৪ থেকে ২৫ জুন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ।
পেশাদার ফুটবল লিগের অন্য দলগুলো রাজিই ছিল। বাকি ছিল মোহামেডান। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে মোহামেডান সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে খেলবে। মোহামেডানের একটি সূত্র জানিয়েছে গতকাল শনিবার দলটি প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়ে জানিয়েছে সুপার কাপে খেলবে।
খেলোয়াড় সংকট থাকায় সুপার কাপের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছিল না মোহামেডান। কারণ সাদাকালো দলটি বিদেশি খেলোয়াড় নির্ভর। তাদের বিদেশি খেলোয়াড়রা নেই। সেক্ষেত্রে স্থানীয় খেলোয়াড়দের নিয়েই মাঠে নামতে হবে সুপার কাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন মোহামেডানকে। অবশ্য এই টুর্নামেন্টে বিদেশি ফুটবলার খেলানোর অনুমোদন দেয়নি বাফুফে।
তাই পুরোপুরি স্থানীয় খেলোয়াড়দের নিয়ে বাফুফে সুপার কাপের তৃতীয় পর্বের আয়োজন করবে। এর অন্যতম কারণ সেপ্টেম্বরে নেপালে সাফ চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে। বিদেশি খেলোয়াড়হীন টুর্নামেন্ট হলে জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্পে ডাকা যায় এমন কিছু ফুটবলারও নিজেদের পারফরম্যান্স তুলে ধরার সুযোগ পাবেন।
সুপার কাপ ফুটবলে এবার চ্যাম্পিয়ন দল এক কোটি টাকা পাচ্ছে না। তারা পাবে ৫০ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ২০ লাখ টাকা। অপরদিকে অংশগ্রহণকারী দলগুলো পাবে ১৫ লাখ টাকা করে।