আইপিএল স্পট ফিক্সিং
মায়াপ্পনের দোষ স্বীকার বিপদে শ্রীনিবাসন
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:০৩
বিসিসিআই প্রেসিডেন্ট শ্রীনিবাসনের জামাই এবং চেন্নাই সুপার কিংসের ‘টিম প্রিন্সিপাল’ গুরুনাথ মায়াপ্পন পুলিশের জেরার মুখে আইপিএলে বেটিং-এর কথা স্বীকার করেছেন। এদিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিসিসিআইয়ের প্রধান হিসেবে শ্রীনিবাসনের থাকার বিষয়টি ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে।
দুইদিন অজ্ঞাত স্থানে থাকার পর গত শুক্রবার চেন্নাই থেকে প্রায় পাঁচশ কিলোমিটার দূরে কোদাইকানাল নামক স্থানে শ্রীনিবাসনের ফার্ম হাউজে মায়াপ্পনের সন্ধান পায় পুলিশ। এর পরপরই তিনি ভাড়া করা বিমানে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন। গভীর রাতে মুম্বাই পৌঁছালে বিমানবন্দরেই পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর জেরা করার উদ্দেশে মুম্বাই পুলিশ তাকে তাদের দক্ষিণাঞ্চলের সদর দফতরে নিয়ে যায়। সেখানে বারবার প্রশ্ন জিজ্ঞাসার পর মায়াপ্পন স্বীকার করেন ২৪ এপ্রিল ইডেন গার্ডেনে মুম্বাই-কলকাতা ম্যাচে তিনি বেটিং করেছিলেন। তিনি স্বীকার করেছেন গ্রেফতারকৃত বলিউড অভিনেতা এবং আলোচিত বুকি বিন্দু দারা সিংয়ের সঙ্গে তার যোগসূত্রের কথাও। আরো জেরা করার আর্জি নিয়ে গতকাল শনিবার দুপুরে মায়াপ্পনকে কিলা কোর্টে হাজির করা হলে আদালত আগামী ২৯ মে পর্যন্ত মায়াপ্পনকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
এদিকে পুলিশ দাবি করেছে, মায়াপ্পনের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করে তারা জানতে পেরেছেন বিন্দুর সঙ্গে মায়াপ্পনের প্রায় ২৩০ বার কথা হয়েছে। পুলিশের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তদন্ত কাজকে এগিয়ে নিতে চেন্নাই সুপার কিংসের এই কথিত‘প্রধান নির্বাহী’কে দুই দফায় বিন্দুর সামনাসামনি বসিয়ে জেরা করা হয়েছে।
তদন্ত কাজে সহযোগিতা করছেন না—এমন অভিযোগের পাশাপাশি মুম্বাই পুলিশ প্রশ্ন তুলেছে মায়াপ্পনের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনের বিষয়েও। এই ফোনগুলোর সিমকার্ড কার নামে ইস্যু করা হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, স্পট ফিক্সিংয়ের পাশাপাশি বেটিংয়ের অভিযোগও আনা হবে মায়াপ্পনের বিরুদ্ধে।
এদিকে মায়াপ্পনের গ্রেফতারের পর আরো জোরালো হয়েছে শ্রীনিবাসনের পদত্যাগের দাবি। শারদ পাওয়ার, সুব্রত রায় সাহারার পরে শ্রীনিবাসনের পদত্যাগ দাবি করলেন ইউনিয়ন মন্ত্রী কমলনাথও। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘শ্রীনিবাসন তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। তার এই মুহূর্তেই পদত্যাগ করা উচিত।’
তবে পদত্যাগ করবেন না জানিয়ে শ্রীনিবাসন বলেন, ‘আমি ভুল কিছুই করিনি। আমি পদত্যাগ করবো না। বিসিসিআই তার আইন অনুযায়ীই চলবে। আইনই বলে দেবে কি হবে।’ শুধু তাই নয়, শ্রীনিবাসন দাবি করেছেন, তাকে হেয়প্রতিপন্ন করতেই গ্রেফতার করা হয়েছে মায়াপ্পনকে। এনডিটিভির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তাদের প্রধান লক্ষ্য মূলত আমি। আর মায়াপ্পনের মাধ্যমেই সেটা করা হচ্ছে। তবে এই ‘তাদের’ কে তার কোন ব্যাখ্যা দেননি শ্রীনিবাসন।
এদিকে শোনা যাচ্ছে আইপিএলের ফাইনালে বিজয়ী দলকে ট্রফি তুলে দিতে চাচ্ছেন বিসিসিআই প্রধান। তবে সেটা তাকে করতে দেয়া হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় বিসিসিআই। তবে যাই হোক না কেন, আজকের ফাইনালের আগে চেন্নাই সুপার কিংসকে আইপিএল থেকে বাদ দেয়া কিংবা বিসিসিআই’র নতুন সভাপতি ঘোষণা করা—এসব কিছুই হচ্ছে না।
শ্রীনিবাসনকে অপসারণ করা হলে তার জায়গায় আকাশ জেটলি অথবা শশাঙ্ক মনোহর স্থলাভিষিক্ত হতে পারেন।
এদিকে গতকাল দুপুরে আমদাবাদ থেকে প্রায় এক কোটি ত্রিশ লাখ টাকা, ল্যাপটপ এবং মোবাইলসহ আহমেদ বিনোদ মুলচন্দানি নামে একজন বুকিকে আটক করেছে পুলিশ। এরপরই সন্ধ্যায় দিল্লি পুলিশ আইপিএল স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আহমেদ ইয়াহইয়া নামে আরেক বুকিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াহইয়া নতুন কিছু ক্রিকেটারের নাম জানিয়েছেন। তবে সেই ক্রিকেটারদের নাম এই মুহূর্তে পুলিশ প্রকাশ করবে না।
এদিকে ক্রীড়াঙ্গনকে ফিক্সিং দুর্যোগ থেকে রক্ষা করতে অচিরেই ফিক্সিং বিরোধী নতুন আইন প্রণয়নের কথা ভাবছে সরকার। ইউনিয়ন আইনমন্ত্রী কপিল সিবাল বলেন, ‘আমাদের নতুন একটা ফিক্সিং বিরোধী আইন দরকার। আইন মন্ত্রণালয় এরই মধ্যে অ্যাটর্নি জেনারেলের সাথে আলোচনায় বসেছে। শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাকেই এর অন্তর্ভুক্ত করা হবে।’