সহসাই সিদ্ধান্ত নিচ্ছেন না নেইমার
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:০৩
বড় অংকের দুটি প্রস্তাব; আর দুটিই এসেছে স্পেন থেকে। জায়ান্ট দুই ক্লাব রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা নেইমারকে পাওয়ার লড়াইয়ে বেশ জোরে-সোরেই মাঠে নেমেছে। নেইমারের বর্তমান ক্লাব স্যান্তোসের অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল সকালে এই তথ্য দেয়া হয়েছে। তবে, যাকে নিয়ে এতো কাড়াকাড়ি সেই নেইমার জানালেন, খুব দ্রুত কোন সিদ্ধান্ত নিতে চান না তিনি।
সান্তোস ছেড়ে আগামী মৌসুমে নতুন ক্লাবে যোগ দিচ্ছেন নেইমার। এই বিষয়টি একরকম চূড়ান্ত। তাই তা নিয়ে আলোচনাটাও এখন বেশ তুঙ্গে। তবে নেইমারের নতুন ক্লাব কোনিট হচ্ছে তা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে ভক্তদের। এমনই ইঙ্গিত দিলেন নেইমার নিজেই।
গুজব বেশ আগে থেকেই; তবে, নতুন তথ্য হল বার্সেলোনা ও আর রিয়াল মাদ্রিদের প্রস্তাব গ্রহণ করেছে স্যান্তোস। তবে সিদ্ধান্তটা ২১ বছর বয়সী এই তারকার উপরই ছেড়ে দিয়েছে তার বর্তমান ক্লাব। ব্রাজিলিয়ান ঘরোয়া লিগের দলটি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে, ‘দলের ব্যবস্থাপনা পরিষদের পক্ষ থেকে নেইমারের সাথে কথা বলা হয়েছে। দুটি প্রস্তাবের ব্যাপারেই তাকে জানানো হয়েছে। আর আগামী কিছুদিন সে এই ব্যাপারে ভেবে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।’
এই মৌসুমের পরেই স্যান্তোসের সাথে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে নেইমারের। তাই এখন ক্লাব বদলানোর কথা তিনি ভাববেন এটাই স্বাভাবিক। তবে, আর যাই হোক না কেন নেইমার দ্রুতই কোন সিদ্ধান্ত নিচ্ছেন না। নতুন ক্লাবে যোগ দেবার বিষয়ে আরো কিছুদিন ভাবতে চাইছেন নেইমার। তিনি বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে আনন্দকর মুর্হূত। এটা খুবই সম্মানের ব্যাপার। আমি বিভিন্ন দলে খেলার জন্য বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছি। আগামী মৌসুমে নতুন দলে যোগ দেবার বিষয় নিয়ে আমি আমার পরিবারের সাথে কথা বলবো। তারা আমাকে এ বিষয়ে ভালো সহযোগিতা করতে পারবে।’
সময়ের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনাতে ছিলেন নেইমার। আর নেইমারের এই প্রতিভার জন্যই নামি-দামি সব ক্লাবের তার প্রতি আগ্রহ থাকাটাই স্বাভাবিক। বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজি, ম্যানচেস্টার সিটিসহ অনেকেই তাকে পাওয়ার জন্য উঠে-পড়ে লেগেছিল। তবে, এখন এই দৌড়টা অনেক ছোট হয়ে এসেছে। শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে আছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ দুই সেরা ক্লাবের কাছ থেকে প্রস্তাব পাওয়াটাকেও অনেক বড় ব্যাপার বলে মনে করেন তিনি, ‘বার্সেলোনা ও রিয়াল থেকেও প্রস্তাব পেয়েছি আমি। এই দুটি দলের ব্যাপারে আমি এখনও ভাবছি এবং আরো কিছুদিন ভাবতে চাই।’
জুনিয়র পর্যায়ের লিগ ছেড়ে ২০০৯ সালে প্রথম সান্তোসে যোগ দেন নেইমার। সদ্য মৌসুম শেষ হওয়া পর্যন্ত ১০২ ম্যাচে ৫৪ গোল করেছেন তিনি। আর জাতীয় দলের হয়ে ৩২ ম্যাচে গোল করেছেন ২০টি। এমন একজনের জন্য আগ্রহের কারণটা তাই পরিসংখ্যান থেকেই আন্দাজ করা যায়। আর তাকে ইউরোপে দেখতে ভক্তদের অল্পই অপেক্ষা করতে হচ্ছে।