স্পট ফিক্সিং বিতর্কের মাঝেই আজ আইপিএলের ফাইনাল

আইপিএলের স্পট ফিক্সিং নিয়ে বিতর্ক যখন তুমুলে ঠিক তখনই ভারতীয় এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টটির ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে আজ। ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই পুরনো শত্রু; মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স চার উইকেটে পরাজিত করে রাজস্থান রয়্যালসকে। আর এই ম্যাচ দিয়েই দু’বছর আগের ফাইনালের প্রতিশোধ নেয়ার সুযোগ পেল মুম্বাইয়ের দলটি। ২০১১ সালের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও ফাইনালে এই চেন্নাইয়ের কাছেই হারে তারা। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দলগুলোর একটি। ২০১০ ও ২০১১ সালে টানা দু’বার শিরোপা জয় করে তারা। শুক্রবারে ফাইনালের জন্য কোয়ালিফাইং ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান করে রাজস্থান রয়্যালস। জবাবে দারুণ শুরু করে মুম্বাই। কোন উইকেট না হারিয়েই ৭০ রান তুলে ফেলে তারা। তবে, কাছাকাছি সময়ের মধ্যে চারটি উইকেট হারিয়ে বিপাকে পড়লেও শেষ ওভারে নাটকীয় জয় নিয়ে ফাইনালের টিকেট পায় তারা। এক বল বাকি থাকতেই চার উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। আজকের ফাইনালটিও অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।