এক কোটি টাকা পাওনা সাকিবের!
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:০৪
ঢাকা গ্ল্যাডিয়েটরসের কাছে এক কোটি টাকা পাওনা সাকিব আল হাসানের। গতকাল মিরপুর স্টেডিয়ামে আক্ষেপ করে জাতীয় দলের এই অলরাউন্ডার বললেন, ‘এতদিন হয়েছে বিপিএল শেষ হলো, অথচ এখনো এক কোটি টাকা পাব আমি।’
শুধু সাকিব নন, সাত ফ্রাঞ্চাইজির কাছ থেকে এখনো অনেক খেলোয়াড়ই নিজেদের চুক্তির প্রায় ৭৫ ভাগ টাকা পাননি । চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসর চলাকালীন পঁচিশ ভাগ, টুর্নামেন্ট শেষে পঁচিশ ভাগ এবং টুর্নামেন্ট শেষের ছয় মাস পর বাকি পঞ্চাশ ভাগ পারিশ্রামিক খেলোয়াড়দের পরিশোধের কথা থাকলেও কার্যত সেই নিয়ম মানেনি সাতটি ফ্রাঞ্চাইজি। টুর্নামেন্ট চলাকালীন পঁচিশ ভাগ টাকা পেলেও টুর্নামেন্ট শেষের পঁচিশ ভাগ এখনো পরিশোধ করেনি ফ্রাঞ্চাইজি। অথচ টুর্নামেন্ট শেষ হয়েছে চার মাস হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পারিশ্রমিক পরিশোধের দায়ভার নিলেও বোর্ড এক প্রকার নিশ্চুপ।
যদিও বিপিএল গভর্নিং কাউন্সিল সাত ফ্রাঞ্চাইজিকে এ মাসের প্রথম সপ্তাহে প্রাথমিক নোটিস পাঠিয়েছে, কিন্তু জানা গেছে, ফ্রাঞ্চাইজি গভর্নিং কাউন্সিলরের চিঠির জবাব দেয়নি।