সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ

দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিয়ে খেলতে যাবে বাংলাদেশ দল

আগামী বছর নেপালে অনুষ্ঠেয় সাফ মহিলা চ্যাম্পিয়নশীপের জন্য দীর্ঘমেয়াদে প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। সে লক্ষ্যে রমজানের পর মহিলা ফুটবল পুনরায় মাঠে গড়াবে। সামনে আছে সুপার ফোর ও করপোরেট ফুটবল টুর্নামেন্ট। জানা গেছে এরপরই জাতীয় দলের ক্যাম্প ডাকা হবে। মেয়েদের এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশের অভিযান শেষে এখন চলছে হিসাব নিকাশের পালা। বাংলাদেশের মেয়েরা এবারই প্রথম এশিয়ার বড় কোনো টুর্নামেন্টে খেলেছে। অভিজ্ঞতার পাশাপাশি এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় নিজেদের অবস্থান দেখার সুযোগ হয়েছে তাদের। আয়োজনের বিচারে কাল শেষ হওয়া টুর্নামেন্টটি সফল হলেও এটি জানান দিয়েছে দেশে মেয়েদের ফুটবল চর্চার ঘাটতিকে। তাই বাফুফের মহিলা কমিটি চাইছে বছরের অধিকাংশ সময় নারী ফুটবলারদের খেলায় জড়িয়ে রাখতে। বাফুফের মহিলা কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এসব তথ্য জানান। এর মধ্যেই বিভিন্ন দেশ থেকে মহিলা ফুটবল দলের খেলার আমন্ত্রণ আসছে। জানা গেছে কাতার, কুয়েত এবং অস্ট্রেলিয়ায় খেলার আমন্ত্রণ পেলেও বাফুফে সম্মতি দেয়নি। কেননা আগামী বছরের সাফ মহিলা চ্যাম্পিয়নশীপের জন্য বাংলাদেশ এবার প্রস্তুতি নিবে আগে-ভাগেই।