স্মরণ

চূড়া জয়ের গল্প শেষে

এভারেস্ট জয় করে পর্বতারোহী ও চলচ্চিত্র নির্মাতা সজল খালেদ হারিয়ে গেলেও পাহাড় সম্পর্কে তার অনুভূতির কথাটি হারিয়ে যায়নি। তিনি বলেছিলেন, ‘বড় প্রেমের মতো পাহাড় শুধু কাছেই ডাকে না, দূরেও সরিয়ে নেয়।’ তার এই কথাটি সত্যি করতেই যেন তিনি আমাদের কাছ থেকে হারিয়ে গেলেন। সজল খালেদকে হারিয়ে আমরা শোকে বিহ্বল। দৈনিক ইত্তেফাকের ২০১১ সালের ১০ সেপ্টেম্বর সংখ্যার প্রজন্ম পাতায় অদম্য তরুণ সজল খালেদকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এভারেস্ট জয় করে হারিয়ে যাওয়া এই মানুষটিকে স্মরণ করে আমাদের এবারের বিশেষ আয়োজন। লিখেছেন খালেদ আহমেদ এভারেস্ট জয়ের পর হারিয়ে গেলেন প্রজন্মের অদম্য তরুণ সজল খালেদ। জানা যায়, গত ২০ মে সকাল সাড়ে আটটায় ২৯ হাজার ৩৫ ফুট উচ্চতার এভারেস্ট চূড়ায় আরোহণ করেন সজল খালেদ। খালেদসহ অন্যান্য পর্বতারোহীরা নয়টার দিকে এভারেস্টে ওঠেন। সাড়ে নয়টার দিকে সবাই একসঙ্গে নামতে শুরু করেন। নামার সময় পূর্ণ অক্সিজেন ছিল খালেদের সঙ্গে। তিনি বেশ উল্লসিতও ছিলেন। সাউথ কোলের ওপরে আনুমানিক আট হাজার ৬০০ মিটার (২৮ হাজার ২১৫ ফুট) উচ্চতায় এসে সঙ্গী শেরপা সর্দার মিংমাকে জানান তিনি ক্লান্ত। একটু বিশ্রাম নিবেন। এর কিছুক্ষণ পর মারা যান খালেদ। তার সঙ্গীদের আশঙ্কা উচ্চতাজনিত অসুস্থতা ও প্রচণ্ড ঠাণ্ডায় আক্রান্ত হয়েছিলেন। মাউন্ট এভারেস্টসহ হিমালয়ের বিভিন্ন পর্বতশৃঙ্গ জয়ের অভিযান পরিচালনা করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও সজল খালেদের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। খালেদ এবারের এভারেস্ট অভিযানের অনুমতি সংগ্রহ করেছিলেন সেভেন সামিট ট্রেকস প্রাইভেট লিমিটেড থেকে। আর তার এভারেস্ট অভিযানের আয়োজন সম্পন্ন করেন শেরপা পেমবা দরজি। অদম্য তরুণ সজল খালেদ দেশের অন্যতম প্রধান ট্র্যাকার। তিনি অনার্স করেন ভারতে কম্পিউটার বিজ্ঞানে আর মাস্টার্স করেন জার্মানিতে মিডিয়া টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। কঠিন প্রস্তুতি ও অসাধারণ বিচক্ষণতার জন্য এড ভিশ্চার্সকে তিনি আদর্শ পর্বতারোহী হিসেবে মানতেন। ২০০০ সালে পর্বতারোহণ শুরু করলেও সজল এই ক্ষেত্রে মূল অনুপ্রেরণা পেয়েছিলেন জার্মানির বন্ধু রালফলিবশায়ারের থেকে, তার সাথে দিনের পর দিন একসাথে ক্যাম্পিং আর ক্লাইম্বিং করেছেন। মূলত তিনি ছিলেন একজন ফিল্ম মেকার। নিজের প্রতিষ্ঠানে কাজ করতেন। জাতীয় অনুদানে নির্মাণ করেছিলেন শিশুচলচ্চিত্র ‘কাজলের দিনরাত্রি’। পরিবেশ বিষয়ক দীর্ঘমেয়াদি পেশাদারী কাজও শুরু করেছিলেন। পর্বতারোহণ ছাড়াও অন্য কোনো বিষয়ে নিজের তেমন দক্ষতা আছে বলে তিনি মনে করতেন না। তবে চিত্রগ্রহণ, সম্পাদনা, লেখালেখি, অভিযান বিষয়ক উদ্যোগ, নেতৃত্ব আর প্রশিক্ষণ প্রদানসহ প্রভৃতি বিষয় তিনি খুব উপভোগ করতেন। পর্বতারোহণকে বাংলাদেশে পেশা হিসেবে নেওয়ার সুযোগ নেই জেনেও নিজেকে তৈরি করেছেন। তার ভাষ্য ছিল, ‘এই মাধ্যমটিকে পেশা হিসেবে নিতে চাইলে তা কীভাবে সম্ভব? বড় পরিসরে সুযোগ এখনও নেই। তবে নিজেকে এখন থেকেই তৈরি করা শুরু করলে ভবিষ্যতে এই ক্ষেত্র সুযোগ হতে পারে। আর পর্বতারোহণ ব্যয়বহুল ক্রীড়া হলেও পর্বতারোহণ বিলাসিতা নয়। যেমন গলফকেও ব্যয়বহুল ক্রীড়া মনে করা হয়। অথচ বাংলাদেশকে এই খেলায় বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন একজন দরিদ্র বলবয়। দেশ হিসেবে বাংলাদেশ দরিদ্র বলে সব ক্রীড়া বন্ধ করে দিতে হবে, আমি তা মনে করি না।’ আর এই ভালোবাসা নিয়েই তিনি জড়িয়েছিলেন পর্বতারোহণের সাথে। পর্বতারোহণে নতুন প্রজন্মের ভূমিকা মূল্যায়নেও সজল ছিলেন ইতিবাচক, ‘নতুনদের মধ্যে অনেক সম্ভবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর পর্বতারোহীদের। প্রয়োজনে নিজে সরে দাঁড়িয়ে নতুনদের সুযোগ ও ছাড় দিতে হবে। নতুনরা ভুল করলে শাস্তি দিয়ে তার ক্যারিয়ার নষ্ট না করে তাকে ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দিতে হবে। যারা শর্টকাটে লাভ-ক্ষতির হিসাব করেন তারা কেউ কেউ সেধে বিনা উপার্জনে ঝুঁকিপূর্ণ পাহাড়ে যাওয়াকে পাগলামি মনে করেন। তবে মিডিয়া এবং প্রগতিশীল মানুষদের সবসময় আমরা পাশে পেয়েছি। আর এ ক্ষেত্রে সহযোগিতার প্রসঙ্গ এলে সরকার এতে বাধা দেয় না, এটাই বড় সহায়তা। যতটুকু সহায়তা পাওয়া যায় তা বেসরকারি পর্যায়ে। স্বল্প এই সহায়তা আরও বৃদ্ধি পেলে নতুন প্রজন্মের পর্বতারোহীরা উত্সাহ পাবেন’। তিনি আরও জানিয়েছিলেন, এশিয়ার মধ্যে পশ্চিমবঙ্গে পর্বতারোহণ চর্চা সবচাইতে জনপ্রিয়। সেখানে কয়েকশ পর্বতারোহণ ক্লাব রয়েছে যাদের সদস্যরা সারা বছর টাকা জমিয়ে স্বল্প খরচে বছরে একবার অভিযানে যান। বাংলাদেশেও পর্বতারোহণের কয়েক শ ছোট ক্লাব গড়ে উঠলে এই ক্ষেত্রে খুব বেশি কার্যক্রম দেখা যায় না। বাংলাদেশে পর্বতারোহণের প্রশিক্ষণবিষয়ক প্রতিষ্ঠান সম্পর্কে সজল বলেছিলেন, ‘নতুন ক্রীড়া হিসেবে পর্বতারোহণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরিতে আরও সময় লাগা স্বাভাবিক।’ উল্লেখ্য, ২০০৯ সালে সজল খালেদ গণমাধ্যমকর্মী তাহমিনা খানকে বিয়ে করেন। তাদের ছেলে সুস্মিতের বয়স প্রায় দুই বছর। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে তিনি নির্মাণ করেছিলেন সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘কাজলের দিনরাত্রি’। গত জানুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত ৬ষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়। ছবি দীপঙ্কর দীপু অর্জনের ঝুলি ২০০০ সালে কৌতূহল থেকেই সজল খালেদ পর্বতারোহণে যাত্রা শুরু করেছিলেন। ২০০০ সালে মানালিতে ট্র্যাকিং এক্সপেডিশন কোর্স, ২০০৬ সালে এইচএমআই’তে স্পেশাল অ্যাডভান্স কোর্স অ্যান্ড এক্সপেডিশন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। এই পর্যন্ত পর্বতাভিযান করেছেন নাগারু (২০০০), ইয়োগিহর্ন, সুইজারল্যান্ড (২০০৪), ফ্রে (২০০৬), খাংগিয়াসে (২০০৬), চুলু ওয়েস্ট (২০০৭), মেরা (২০০৭), সিংঙ্গুচুলি (২০০৮), গঙ্গোত্রী-১ (২০০৮), মাকালু (২০০৯), হিমালয়ের বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ পিক (২০১০) এবং সর্বশেষ এভারেস্ট (২০১৩) জয় করেন। সজল খালেদ ডাকনাম :সজল জন্মতারিখ ও স্থান :১২ ফেব্রুয়ারি মায়ের নাম :সখিনা আজিজ বাবার নাম :এম এ আজিজ প্রথম স্কুল :নজরুল শিক্ষালয়, মগবাজার প্রাতিষ্ঠানিক শিক্ষার বিবরণ :মাস্টার্স, মিডিয়া টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (জার্মানি); ব্যাচেলর, কম্পিউটার সায়েন্স (ইন্ডিয়া) প্রিয় পর্বোতারোহী :রাইনহোল্ড মেসনার, এড ভিশ্চার্স অবসর কাটাতেন যেভাবে :বই পড়ে, গান শুনে, সিনেমা দেখে আর পরিকল্পনা করে। সাফল্যের সংজ্ঞা :অনেক মানুষকে প্রয়োজনের সময়ে অনুপ্রাণিত করতে পারা।