একজন দেশপ্রেমিকের গল্প
প্রকাশ : ২৬ মে ২০১৩, ১৯:৩৪
দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসাই তাকে জনপ্রতিনিধিত্ব করতে উত্সাহিত করেছে। তবে নিজেকে আবদ্ধ রাখেননি এই গণ্ডিতে। দেশের মহান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রকাশে তিনি নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। তার সেই তত্পরতারই আদ্যোপান্ত নিয়ে লিখেছেন মুহম্মদ কবীর
এ দেশের আপামর জনতা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাদের স্বপ্নে ছিল স্বাধীন দেশ। স্বাধীন দেশের স্বপ্ন বাস্তবায়ন হলেও তাদের অনেকেই অর্থনৈতিক স্বাধীনতা পাননি। জান বাজি রেখে লড়াই করা মুক্তিযোদ্ধাদের কেউ কেউ স্বাধীনতার চার দশক পরও মানবেতর জীনবযাপন করছেন। তবে এসব মুক্তিযোদ্ধাদের সহায়তায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় পৌরসভার মেয়র অ্যাডভোকেট কায়সার আহাম্মেদ। তিনি গত দেড় বছর ধরে তার প্রতি মাসে পাওয়া সম্মানির ২০ হাজার টাকা এখানকার ১৫ জন দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে ব্যয় করছেন। অংকে কম হলেও তার এই উদ্যোগ ও সদিচ্ছা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, গফরগাঁওয়ের অনেক মুক্তিযোদ্ধার দু বেলা খাবার জোটাতে হিমশিম খেতে হয়। এ অবস্থায় তাদের জন্য এই স্বল্প টাকা (প্রত্যেককে এক হাজার টাকা) খানিকটা স্বস্তি এনে দিয়েছে। বয়োবৃদ্ধ এসব মুক্তিযোদ্ধা জীবদ্দশায় এই সম্মান ও সহায়তা পেয়ে কিছুটা হলেও মনের দুঃখ ঘোচাতে পারছেন।
এমন মুক্তিযোদ্ধাদেরই একজন নয়াবাড়ি গ্রামের ৬৫ বছর বয়সী নূরুল হুদা। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন। প্রথমে কুমিল্লা ও পরে নিজ এলাকা গফরগাঁওয়ে রণাঙ্গণে লড়েছেন। যুদ্ধকালে পায়ে গুলি লেগে আহতও হয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর গত পঁচিশ বছর রিকশা চালিয়ে অন্নের সংস্থান করেছেন। ৪ মেয়ে আর ২ ছেলেকে নিয়ে সংসারের ঘানি টেনে চলেছেন কোনো রকমে। মুক্তিযোদ্ধা সনদ আছে তার। সরকারের কাছ থেকে যত্সামান্য ভাতা পাচ্ছেন। তবে তাতে তো আর সংসার চলে না। স্থানীয় মেয়রের (কায়সার আহম্মেদ) কাছ থেকে এক হাজার টাকার সহায়তা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে তাকে। সম্মানিতও মনে করছেন নিজেকে। তিনি বলেন, ‘ছোট ছেলেটাকে পড়ালেখা করাইছি অনেক কষ্টে। আইএ পাশ করেছে। সামর্থ্য নেই আর পড়ানোর। এখন গার্মেন্টসে দিমু। পুলিশে চাকরি দেওয়ার চেষ্টা করেও হয়নি।’ কায়সার আহম্মেদের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করলেন।
গফরগাঁওয়ের মাইজবাড়ি গ্রামের ৫৫ বছর বয়সী রেনুয়ারা বেগমের মুক্তিযোদ্ধা স্বামী আবুল হোসেন মারা যান বছর দুই আগে। ৫ মেয়ে ১ ছেলে নিয়ে বড় বিপদে পড়ে যান। মাথা গোঁজার ঠাঁই ছিল না। স্বামী মারা যাওয়ার পর এই অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ান মেয়র কায়সার। তিনি এই পরিবারের থাকার ব্যবস্থা করে দিতে নগদ প্রায় ২ লাখ টাকা দেন। এ ছাড়া প্রতি মাসে এক হাজার টাকা করে দিচ্ছেন। রেনুয়ারা বেগমের মর্জিনা ও রোজিনা নামে দুই মেয়ে ব্র্র্যাক স্কুলে পড়ে। ছেলে মোবারক স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তিনি বলেন, ‘মাথা গোঁজার ঠাঁই হয়েছে। প্রতি মাসের দুই তারিখে এক হাজার করে টাহা পাই। অনেক উপকার হইছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, রসুলপুর গ্রামের জহুর আলী, বারবাড়িয়া গ্রামের প্রতিবন্ধী রতন, যশরা গ্রামের আব্দুল কুদ্দুছ, চর আলগী গ্রামের আব্দুল মতিন ফকির, শিলাসী গ্রামের সুলতান উদ্দিন, মশাখালীর সুফিয়া, গফরগাঁওয়ের সিদ্দিক মিয়া, পাঁচবাগের আব্দুল জলিল, দত্তের বাজারের আশ্রাব উদ্দিন, টাঙ্গাবের চান মিয়া, পাইথলের তপন চন্দ্র ভৌমিক, শিমলীর হেলেনা খাতুন ও যশরার আছমা বেগমও এই অর্থ সহায়তা পান।
এ ছাড়া গফরগাঁওয়ের সব মুক্তিযোদ্ধার জন্য হোল্ডিং কর মওকুফ, পৌরসভার বিভিন্ন রাস্তা মুক্তিযোদ্ধাদের নামে নামকরণসহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম চালু করেছেন মেয়র কায়সার আহম্মেদ। তিনি বলেন, ‘আমি চাই মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান প্রদান করতে। যারা সম্মুখ সমরে অংশ নিয়েছেন তাদেরকে মানবেতর অবস্থায় রেখে আমরা বড় হতে পারব না। কৃতজ্ঞতার অংশ হিসেবেই তাদের প্রতি এই হাত বাড়িয়ে দেওয়া।’ দেশের বিত্তবান সকল মানুষকে মুক্তিযোদ্ধাদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্টরা বলছেন, তার এই উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে।