প্রজন্মের সাইক্লিস্ট
রিয়াদ খন্দকার ও সাজেদুল ইসলাম শুভ্র
প্রকাশ : ২৬ মে ২০১৩, ১৯:৩৪
গাড়ির কালো ধোঁয়ায় জীবন যখন অতিষ্ঠ, তখন মনে হলো এমন কী আছে যাতে এত ধোঁয়াও হবে না, আবার চলাচল করতেও কোনো অসুবিধা হবে না। তখন যে বাহনটার নাম চট করে মাথায় এসে যায় তা হলো পরিবেশ বান্ধব সাইকেল। এই বাহনটিকে কেন্দ্র করে গড়ে ওঠেছে একটি সংগঠন—বিডি সাইক্লিস্ট। গত ২৪ মে শুক্রবার নান্দুস এবং বিডি সাইক্লিস্টের যৌথ উদ্যাগে ‘হিল দ্য ওয়ার্ল্ড’ ব্যানারে পালিত হয় এই সংগঠনটির জন্মদিন। এ নিয়ে প্রায় দিনব্যাপি নানা আয়োজনে মেতে উঠে বিডি সাইকিস্ট-এর সদস্যরা, তাদেরই চারজনকে নিয়ে আমাদের এবারের আয়োজন। দেখুন পরের পৃষ্ঠায়। পুরো আয়োজনটি গ্রন্থনা এবং সম্পাদনা করেছেন রিয়াদ খন্দকার ও সাজেদুল ইসলাম শুভ্র এবং ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
ডা. আনিসুল হক
অধ্যাপক, তড়িত্ কৌশল বিভাগ,
‘ছাত্রজীবনে ঘোরাঘুরির জন্য প্রায়ই সাইকেল ব্যবহার করতাম। বিশেষ করে বন্ধুরা ডাবল রাইডিং করতাম। বিদেশে পড়াশোনা করার সময় সাইকেল ছিল সুবিধার বাহন। ঢাকায় চলাফেরা করা যানজটের কারণে দিন দিনই কঠিন হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত যখন ৩ কিমি দূরে আমার কাজে গাড়িতে অথবা হেটে ৪৫ মিনিটের আগে পৌঁছাতে পারছিলাম না, ধৈর্য্যের সীমা ছাড়িয়ে গেল। সাইকেল চড়া আবার শুরু করলাম।’ এভাবেই নিজের শুরু গল্পটা জানাচ্ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক আনিসুল হক। বিডি সাইক্লিস্টে যোগ দেওয়ার গল্প শোনাতে গিয়ে তিনি বলেন, ‘নতুন করে সাইকেল শুরু করে আবার স্বাধীনতার স্বাদ পেলাম। শুধু কাজে আসা-যাওয়ার সময় সাইকেল চালিয়ে মন ভরে না। আরও চালাতে ইচ্ছে করে। তখন একজনের কাছ থেকে বিডি সাইক্লিস্ট সম্পর্কে জানতে পারলাম। এটি একটি পরিবারের মতো। সদস্যরা এক সঙ্গে রাইডে যান। আনন্দ করেন, আবার অনেক জনকল্যাণমূলক কাজেও অংশ নেন। শুনে গত বছর যোগ দিই। তার পর আর পিছনে তাকানো নেই। গত এক বছরে বিডি সাইক্লিস্টের খুব কম রাইডই হয়েছে, আমি ছিলাম না।’ আনিসুল হক আগেই বলেছেন সাইক্লিং তাকে নতুন করে স্বাধীনতার স্বাদ দিয়েছে। তিনি এখন যানজটমুক্ত। সেটা খুবই উপভোগ করেন। তা ছাড়া তার উচ্চ রক্তচাপ আছে। আগে দিনে তিনটি অষুধ খেতে হতো, এখন একটির অর্ধেক খান। ওজন ৮ কেজি কমেছে সাইকেল চালিয়ে। তিনি আগের চেয়ে অনেক সুস্থ। এই সুস্থতার নেপথ্য কারিগর সাইকেল। নতুন সাইক্লিস্টদের জন্য পরামর্শ জানাতে গিয়ে এই অধ্যাপক বলেন, সাইকেল এমন একটি বাহন যা দুর্ঘটনা থেকে আরোহীকে বাঁচাতে মোটেও সাহায্য করে না। এ জন্য নিরাপদে চালানো খুব জরুরি। ট্রাফিক নিয়মকানুন মেনে চালাতে হবে, সাইকেলের গতি নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। অন্য ট্রাফিক ও পথচারীকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনতে হবে। বলাবাহুল্য, নিরাপত্তার জন্য হেলমেট ও গ্লাভস ব্যবহার করা উচিত।’ তিনি বলেন, ‘ঢাকায় সাইক্লিস্টদের নিয়ে আমি খুব আশাবাদী। অন্য শহরের অবস্থা নিজে ঠিক জানি না। গাড়ি এবং মোটর সাইকেল ব্যবহার করেন, এ রকম মানুষের কাছে ঢাকায় এখন প্রতি মাসে বেশ কয়েকশ সাইকেল বিক্রি হয়। তারা সবাই যদি বাসা-অফিসও সাইকেলে যাতায়াত করেন, বছরে ঢাকার রাস্তায় কয়েক হাজার গাড়ি ও মোটর সাইকেল কম যোগ হবে। গ্রিন হাউজ গ্যাসও কমবে। তবে এই ব্যাপারে সরকারেরও দায়িত্ব রয়েছে। সাইকেল আমদানিতে নাকি ৯৫% ট্যাক্স। এই ট্যাক্স কমালে, দাম কমলে, সাইকেল মধ্যবিত্তের কাছে আরও জনপ্রিয়তা পাবে। তা ছাড়া, ঢাকার রাস্তাগুলোকে আরও সাইকেল বান্ধব করার ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে।’ আনিসুল হক জানালেন, মেয়েকে সাইকেল চালানো শিখিয়েছেন। স্ত্রীর প্রচ্ছন্ন উত্সাহ তার এই বয়সে সাইকেল চালানোটা সহজতর করে দিয়েছে। ইচ্ছে আছে সুযোগ হলে পরিবারের সবাই মিলে একসঙ্গে রাইডে যাবেন। ভবিষ্যত্ পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘কাজ ও সংসার নিয়ে অনেকটা সময় কেটে যায়। তবুও সাইকেলের প্রসারের জন্য কিছু করলে ভালো লাগবে। এই ব্যাপারে বিডি সাইক্লিস্ট অনেক কিছু আয়োজন করে। তাতে হয়তো সম্পৃক্ততা বাড়াব।’
ড. আনিসুল হক
পেশা :অধ্যাপক, তড়িত্ কৌশল বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
বাবার নাম :নুরুল হক
মায়ের নাম :ফরিদা বানু
জন্ম তারিখ :৩০ অক্টোবর, চট্টগ্রাম
প্রথম স্কুল :গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা
প্রিয় উক্তি :কেবল কর্মেই তোমার অধিকার, ফলে নয়।
প্রিয় পোষাক :ফতুয়া
প্রিয় মানুষ :আমার শিক্ষক অধ্যাপক আবুল খন্দকার, আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান
অবসর :বই পড়ে, আড্ডা দিয়ে, ইন্টারনেট ব্রাউজ করে
সাফল্যের সংজ্ঞা :নীতি বিসর্জন না দিয়ে নিজ দায়িত্ব পালন করা।
==
হাসিনা জাহান মিলি
ভাইস প্রেসিডেন্ট, হেড অব সার্ভিস ডেলিভারি, সিটি ব্যাংক
মনে করে দেখুন, ছোট শিশুরা হাঁটা শেখার পর প্রথম বাবা-মায়ের কাছে যে জিনিসটি শখ করে চায় তা হচ্ছে একটি বাই সাইকেল। অনেকে স্কুলেও যায় সেই প্রিয় সাইকেল নিয়ে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পছন্দের পরিবর্তন দেখা যায়। এখন চাই বাই সাইকেলের জায়গায় মটর সাইকেল বা গাড়ি। তবে আজকাল বিভিন্ন আবাসিক এলাকার প্রশস্ত রাস্তায় তরুণ-তরুণীদের সকাল-সন্ধ্যায় সাইকেল চালিয়ে ব্যায়াম করতে দেখা যায়। শখের বশেও সাইকেলে চড়েন অনেকে, তাদেরই একজন হাসিনা জাহান মিলি। ছোটবেলায় বাবা তার জন্য জার্মানি থেকে একটা সাইকেল নিয়ে আসেন। সেই থেকে শুরু। লেখাপড়ার কারণে অনেক সময়ই সাইকেল চালানো হতো না, তবে সেটা ইদানীং আবার শুরু করছেন তিনি। বিডি সাইক্লিস্টের কথা তিনি জানতে পারেন তার এক কলিগের কাছ থেকে । তখন থেকেই তিনি প্রস্তুতি নিচ্ছিলেন কীভাবে দলবেঁধে সাইকেল চালানো যায়। আর এই কাজটা তার জন্য তখন আরও সহজ করে দিল তারা। সাইকেল চালাতে এসে ছেলেবেলার সেই দিনগুলোও মনে পড়ে গেল তার। হাসিনা বলেন, ‘সাইক্লিংয়ে স্ট্যামিনা বেড়ে যায়। সকালে যদি আধঘণ্টা সাইকেল চালাতে পারেন, তাহলে সারাদিনের কাজে এনার্জি পাবেন। সঙ্গে মুডও ভালো থাকবে। তবে সাইকেল চালাতে হবে নিয়মিত। একদিন-দুদিন সাইকেল চালালে কিন্তু কোনো লাভ হবে না। সপ্তাহে অন্তত ৩-৪ দিন তো বটেই। সকালে বা বিকেলে সুবিধামতো সময়ে সাইকেল চালাতে পারেন। তবে সাইকেল চালানোর আগে ওয়ার্মআপ এক্সারসাইজ করে নেবেন। বেশি স্পিডে সাইকেল না চালিয়ে সেটিকে এনজয় করার চেষ্টা করুন। কারণ এক্সারসাইজ যদি এনজয় না করেন, তা হলে সেটা করতে ইচ্ছা করে না।’ নতুনদের প্রসঙ্গে জানতে চাইলে হাসিনা বলেন, ‘প্রথম কাজ সাইকেল চালানো শিখে নেওয়া। চেনা পরিচিত কেউ থাকলে তাদের কাছ থেকে শিখতে পারেন নতুবা বিডি সাইক্লিস্টের বিগেনার লেসনে অংশগ্রহণ করে সাইকেল চালানো এবং সাধারণ ধারণাগুলো নিয়ে নিতে পারেন। নতুন সাইক্লিং শুরু করে তাদের অনেকেই প্রথমে বুঝতে পারে না আর সবকিছুর মতো সাইক্লিংয়েও যথেষ্ট রিস্ক রয়েছে। সাইকেলের সাথে সম্পূর্ণভাবে মানিয়ে না নেওয়া পর্যন্ত পাগলামি করে খুব বেশি গতিতে কিংবা স্ট্যান্ট করার চেষ্টা করা মারাত্মক ফলাফল এনে দিতে পারে। সাবধান থাকতে হবে। নিজের সাইকেলকে বোঝার জন্য যথেষ্ট সময় দিতে হবে।’ হাসিনা জানান, বিডি সাইক্লিস্ট প্রতি শুক্রবার এ ধরনের রাইডের আয়োজন করে সংসদের সামনে, চাইলে যে কেউ এখানে এসেও শিখে নিতে পারেন। এখানে নানা বয়সের মানুষ একসাথে সাইকেল চালায়। মেয়েরা যদিও একটু পিছিয়ে আছে, নিকট ভবিষ্যতে আর থাকবে না বলা যায়। সবশেষে হাসিনা বলেন, ‘সাইক্লিং আমাদের দেশে বর্তমানে একটা ক্রেজ, শুধু আমাদের দেশেই না সমগ্র বিশ্বেই এখন সাইকেল ক্রেজ চলছে। গত কয়েক বছরে নিয়মিত হারে আমাদের দেশে সাইক্লিস্ট বাড়ছে, যার পিছনে বিডি সাইক্লিস্ট গ্রুপটি মুখ্য ভূমিকা রেখেছে। অন্যান্য অনেক দেশেই সাইক্লিংয়ের জন্য রাস্তায় আলাদা লেন করে দেওয়া হয়েছে এবং রাস্তাঘাট খানাখন্দমুক্ত হওয়ায় সাইক্লিংয়ের জন্য বেশ উপযুক্ত। ঢাকার রাস্তায় নিয়মিত সাইকেল চালানো অনেকটাই দুঃস্বপ্নের মতো। এখানে ট্রাফিক আইন মানার কোনো বালাই নেই, প্রশিক্ষিত ড্রাইভার নেই, তার উপর রাস্তাঘাটের বেহাল দশা। তাই স্বাভাবিকভাবেই যারা নিয়মিত বাইক রাইডিং করেন তাদের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা বজায় রাখা উচিত।’
হাসিনা জাহান মিলি
ডাকনাম :মিলি
জন্মতারিখ ও স্থান :১ অক্টোবর, ১৯৭৫
মায়ের নাম :জাহান আরা বেগম
বাবার নাম :মোহাম্মদ আব্দুল গনি
প্রথম স্কুল :ভিকারুন্নিসা নূন স্কুল
প্রিয় উক্তি :Life is a journey, rediscover yourself everyday.
প্রিয় পোশাক :জিন্স, ফতুয়া
প্রিয় মানুষ :আমার মা
অবসর কাটে যেভাবে :মুভি দেখে, পরিবারের সাথে
==
আহমেদ মুগনী (সাগর)
ফ্রিল্যান্স চাইনিজ ইন্টারপ্রিটার
সাইক্লিংয়ে প্রথমদিনের কথা মনে আছে? এমন প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর তার জন্য কষ্টকর হয়ে দাঁড়াল। ছেলেবেলায় ক্লাস টুতেই সাইকেলে দাপিয়ে বেড়িয়েছেন খুলনা শহরে। স্যারের বাসায় পড়া ফাঁকি দেওয়া তো দূরের কথা, সাইকেল চালানোর উদ্দেশ্যে কিছুটা ঘুরেই হাজির হতেন তিনি স্যারের বাসায়। সেটাও তো সাইক্লিংই ছিল। এরপর চীনে গেলেন পড়ালেখার জন্য। বন্ধুদের সাথে নিয়ে সেখানেও নিয়মিত সাইকেল ট্যুর হতো তার। এরপর সাইকেলপাগল ছেলেটা চীন থেকে পছন্দের সাইকেল নিয়ে দেশে এলেন। বিডি সাইক্লিংয়ের সাথে তার শুরুটা ২০১১ সালে। পরিচিত কিছু বন্ধু-বান্ধবের থেকেই বিডি সাইক্লিস্ট-এর সন্ধান পাওয়া, এগিয়ে যাওয়া সেই পথ ধরেই। বলছি আহমেদ মুগনী সাগরের কথা। রাস্তাঘাটে হরহামেশাই পছন্দের সাইকেল নিয়ে দেখা যায় তাকে।
সাইক্লিংয়ের রয়েছে অনেক উপকার। বেশ কয়েক বছর এর সাথে জড়িত থাকায় কিছুটা জানালেন আমাদের সাগর। আজকাল বিভিন্ন আবাসিক এলাকার প্রশস্ত রাস্তায় তরুণ-তরুণীদের সকাল-সন্ধ্যায় সাইকেল চালিয়ে ব্যায়াম করতে দেখা যায়। সহজ ও কম খরচে, সাইক্লিং হচ্ছে শ্রেষ্ঠ ব্যায়াম। সাইক্লিং পেশি শক্তিশালী করে। সাইক্লিং শুধু পায়ের ব্যায়াম নয়। নিয়মিত সাইকেল চালালে আমাদের শরীরের প্রতিটি পেশিতে চাপ পড়ে, ফলে পেশি সুগঠিত ও শক্তিশালী হতে সাহায্য করে। তা ছাড়া হূদরোগের ঝুঁকি কমে। সাইক্লিং আমাদের হার্ট, ফুসফুস এবং রক্তচাপের কার্যক্রম স্বাভাবিক রাখে। আর এভাবে বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাস পায়।
আমাদের দেশে সাইকেল চালানোর জন্য এখনও আলাদা লেন তৈরি হয়নি। সে জন্যই কিছুটা সাবধান হওয়া দরকার বলেও জানালেন সাগর। শহরের ব্যস্ত রাস্তায় সাইক্লিং করা সহজ নয়। এক্ষেত্রে নিজের সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, সাইকেল কেনার সময় নিরাপত্তা গিয়ার ঠিক আছে কি না চেক করে নেওয়াটা জরুরি। সব সময় রাস্তার একপাশ দিয়ে সাইকেল চালাতে হবে। বাই সাইকেল চালালেও ট্রাফিক আইন মেনে চলুন। কখনই খুব দ্রুত সাইকেল চালানো যাবে না। হেলমেট ব্যবহার করুন। তা ছাড়া সাইকেল চালানোর সময় অনেক ঘাম হয়। তাই ক্লান্তি দূর করতে সঙ্গে এক বোতল পানি বা জুস রাখুন।
আহমেদ মুগনী সাগরের ছেলেবেলা কেটেছে খুলনা শহরেই। বাবা ছিলেন চিকিত্সক আর মা গৃহিণী। পরিবারের ছোট ছেলে হওয়াতে সবার আদর পেয়েছেন তাই সব সময়। খুলনা জিলা স্কুল থেকে এসএসসি এরপর বিএল কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন তিনি। ঢাকায় এসে তারপর ‘ও’ লেভেল করে চলে যান চীনে। পড়াশোনা সম্পন্ন করেন চীনেই। এখন ফ্রিল্যান্সার চায়না ইন্টারপ্রিটার হিসেবে কাজ করছেন তিনি। এ কাজে অনেক মানুষের সাথে ওঠা-বসা আর কাজের সুযোগ হয় তার। আর সাইক্লিংটা তার অন্য এক জগত্। তিনি জানান বিডি সাইক্লিস্টে যারা সাইকেল চালাতে আসেন, তারা কেউ পরস্পরকে আগে থেকে চেনে না। কিন্তু প্রতিনিয়তই তাদের মাঝে বন্ধুত তৈরি হচ্ছে। এর মধ্যদিয়েই বিশাল এক পরিবার পেয়েছেন তারা। এ জন্য বিডি সাইক্লিস্টের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি। সাইক্লিংয়ে অনেক দূর এগিয়ে যাবেন তিনি, তাদের হাত ধরেই আমাদের দেশে এটি আরও জনপ্রিয় হবে, এটাই প্রত্যাশা।
আহমেদ মুগনী
ডাকনাম :সাগর
মায়ের নাম :মিসেস মর্জিনা খাতুন
বাবার নাম :ডা. এমএ লতিফ
জন্মতারিখ ও স্থান :১৪ ফেব্রুয়ারি
প্রথম স্কুল :খুলনা জিলা স্কুল
প্রিয় মানুষ :বাবা-মা
প্রিয় উক্তি :লেটস ইউনাইটেডলি লিভ স্ট্রং
প্রিয় পোশাক :জিন্স, টি-শার্ট
অবসর কাটে যেভাবে :গান শুনে, বই পড়ে
সাফল্যের সংজ্ঞা :চেষ্টা করে যাওয়া।
==
আরমান হোসেন
মোটর মেকানিক
শুরুটা সেই শৈশবেই। তাদের সময়ে ফেসবুক তো দূরের কথা, সাইকেল চালানো নিয়েও যে একটা গ্রুপ হতে পারে, এটাই কেউ ভাবতে পারেনি। তখন থেকেই সাইকেলের উপর আগ্রহ জন্মে তার। ঘুরে বেড়াতেন নানা জায়গায়। বন্ধুরা মিলে প্রায়শই বেরিয়ে পড়তেন আশপাশের শহরে। সাইকেলে করে ঘুরতে তখনই আনন্দ পেয়ে যান এই লোকটা। তিনি আরমান হোসেন। সাইক্লিংয়ের জগতে এখন সবাই-ই তাকে চেনেন আমাদের দেশে। বিডি সাইক্লিস্টে যোগ দেন বছর দুয়েক আগে। আরমানের ছেলে প্রিন্স অনেক আগে থেকেই এর সাথে সম্পৃক্ত ছিলেন। বাবাকে ছেলেই বলেন সাইকেল গ্রুপের বিষয়টি। তখন তার মনে পড়ে গেল সেই শৈশবের দিনগুলোর কথা। ছেলের মুখেই তাদের ট্যুরের কথা শুনে রোমাঞ্চিত হতেন তিনি। আরমান মনে করেন, বিডি সাইক্লিস্ট গ্রুপটা একটা পরিবারের মতো। এখানে সবাই একসাথে একত্রিত হয়েছে সাইকেলকে ভালোবেসে, এই বিষয়টা দেখতেই খুব ভালো লাগে। তা ছাড়া সাইকেলে রাইডই নয়, বিভিন্ন সচেতনতামূলক কাজেও অংশ নেয় তারা। এ ছাড়া সাইকেল চালালে অনেক উপকারও হয়। শহুরে জীবনে অনেকেই সাইকেল চালানোর অভ্যাসটা হয়তো হারিয়ে ফেলেছেন। কিন্তু হাঁটা ও সাঁতার কাটার মতোই উত্কৃষ্ট ব্যায়াম সাইকেল চালানো। নিয়মিত সাইকেল চালালে রক্তের কোলেস্টরেল ও শরীরের ওজন কমে। নিয়মিত সাইকেল চালানো পেশি গঠনের জন্য সহায়ক। এতে ঊরু, কাফ ও নিতম্ব হয় সুগঠিত। সাইকেল চালানোর সময় শরীর বেশ ঘামে। ঘামের সঙ্গে শরীরের বর্জ্য বের হয়ে যায়। ত্বক ও শরীর থাকে সুস্থ। সাইকেল চালালে রক্তে নিঃসরণ হয় ভালো লাগার হরমোন এন্ডোরফিন। তাই মুক্ত বাতাসে সাইকেল চালালে মনে প্রশান্তি আসে, মন ভালো লাগে। মানসিক চাপ কমাতেও সাহায্য করে সাইক্লিং। আরমান জানান, এক হিসেবে দেখা যায়, ইংল্যান্ডে ২০ মিলিয়নের বেশি সাইকেল ব্যবহার করা হয়। আর জাপান ও চীনের জনগণের সাইকেল প্রীতি তো জগদ্বিখ্যাত। এই সাইকেলের কারণেই তাদের এই বিপুল জনগণ নিয়েও রাস্তায় যানজট সৃষ্টি হয় না। যদিও তাদের রাস্তার আয়তন অনেক বেশি, তবুও সাইকেল সেসব উন্নত দেশে যানজট নিরসনে রাখে বিরাট ভূমিকা। আমাদের শহরে লেগেই আছে যানজট। তাই সহজে চলাচলের জন্য সাইকেল হতে পারে আপনার পছন্দের বাহন। কাছের পথটা সাইকেলেই পাড়ি দিতে পারেন। এ ছাড়া সাইকেল শরীরের পক্ষে অনেক উপকারী। নিয়মিত সাইকেল চালানো একটি ভালো ব্যায়াম। এর ফলে শরীর সুস্থ থাকে, শরীরে মেদ জমে না এবং বাড়তি ক্যালরি কমে যায়। এ ছাড়া সাইকেল চালিয়ে পরিবেশদূষণ অনেকাংশেই রোধ করা সম্ভব। আরমান এতদিন সাইক্লিং করে যা শিখেছেন তা সবার মাঝে ছড়িয়ে দিতে চান। নিজেদের ছেলেদেরকে প্রতিষ্ঠিত করাই এখন তার জীবনের ইচ্ছে। সবশেষে ছোটদের সাইকেল চালানোয় আগ্রহী করতে কিছু পরামর্শ জানিয়ে বলেন, ‘শুরুতে তিন চাকার ট্রাইসাইকেলই দেওয়া ভালো। সবে সাইকেল চালাতে শিখেছে, এমন শিশুকে চোখে চোখে রাখবেন; শিশু যাতে সাইকেল নিয়ে বেশি দূর যেতে না পারে। খোলা ছাদে কখনই সাইকেল চালাতে দেওয়া ঠিক নয়। সাইকেলের চাকার ভেতর যাতে পা না ঢুকে যায়, খেয়াল রাখবেন।’
আরমান হোসেন
ডাকনাম :আরমান
মায়ের নাম :বিবি হাজেরা
বাবার নাম :আব্দুর রহিম
জন্মতারিখ ও স্থান :৭ ডিসেম্বর, ঢাকা
প্রথম স্কুল :হাম্মাদিয়া স্কুল
প্রিয় উক্তি :লিভ লাইক আ লিজেন্ড।
প্রিয় পোশাক :টি-শার্ট
প্রিয় মানুষ :আমার ছেলে
অবসর কাটে যেভাবে :সাইক্লিং করে, ভ্রমণ করে।
সাফল্যের সংজ্ঞা :মানুষ চেষ্টা করলেই সব সাফল্য অর্জন করতে পারে।