স্বপ্ন ছোঁয়ার পথে...
প্রকাশ : ২৬ মে ২০১৩, ১৯:৩৬
মানুষ তার স্বপ্নের সমান বড়—এই আপ্ত বাক্যটিকে সত্যি করতে হয় সঠিক পরিকল্পনা এবং নিরলস চেষ্টার মাধ্যমে। যারা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন তারাই সফল মানুষ। নিজের কর্মের মাধ্যমে তারাই পারেন ব্যক্তি উন্নয়ন থেকে জাতীয় উন্নয়নে অবদান রাখতে। ‘প্রোনীট ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ তেমনই একটি স্বপ্নের নাম। বাংলাদেশে বিকাশমান বস্ত্রশিল্পের জন্য বিদেশ থেকে আমদানি করতে হয় টেক্সটাইল মিলের মেশিন ও অনেক খুচরা যন্ত্রপাতি। প্রোনীট ইঞ্জিনিয়ারিং লিমিটেড তেমন কিছু মেশিন এবং খুচরা যন্ত্রপাতি দেশেই তৈরি করছে, যা অন্যান্য দেশেও রপ্তানিযোগ্য। এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টার নাম খান আলী মর্তুজা। প্রোনীটকে দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে পরিচিত করে তুলতে কাজ করে যাচ্ছেন নিরলস। আমাদের এবারের প্রজন্ম মুখ-এ কর্পোরেট পেশার অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সাক্ষাত্কার নিয়েছেন পংকজ দেবনাথ
এই পেশায় এলেন কোন প্রেরণা থেকে?
প্রকৌশলী হিসেবে নিজেদের অন্তর্গত প্রেরণাই আমাদের এ পথে এনেছে। পৃথিবীর যে দেশেই বস্ত্রশিল্পের প্রসার ঘটেছে সেখানেই মেশিন এবং খুচরা যন্ত্রাংশ শিল্পের প্রসার ঘটেছে। শুধু ব্যতিক্রম আমরা। বস্ত্রশিল্পে মেশিন বানাতে বড় কোনো উদ্যোক্তা এখনও আমাদের নেই। এখানে আমরা ব্যর্থ।
আপনারা শুরু করলেন কীভাবে?
আমরা আসলে বিদেশি মেশিন বিক্রি করতাম, পাশাপাশি কিছু খুচরা যন্ত্রাংশ তৈরির কাজও করতাম। একদিন ফকির নিটওয়্যার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ‘ফকির আখতারুজ্জামান’ স্যার আমাদের ডেকে একটি মেশিন বানাতে বললেন। আমরা তার কথামতো মেশিন বানালাম। তিনি প্রথম মেশিন দেখে পরপর চৌদ্দ সেট মেশিন কিনে নিলেন। সেই থেকে শুরু। বর্তমানে আমাদের কয়েক শ মেশিন বিভিন্ন মিলে চালু আছে।
এই ধরনের মেশিন দেশে তৈরি করলে কী সুবিধা পাবে গ্রাহক?
ধরা যাক আমাদের প্রিন্টিং মেশিনের কথা, প্রচলিত টেবিলের চেয়ে চার ভাগের এক ভাগ জায়গায়, মাত্র ছয় ভাগের এক ভাগ জনশক্তি ব্যবহার করে দ্বিগুণ কাপড় প্রিন্ট করা যায়। আমাদের মেশিনের বিক্রয়মূল্য আমদানি করা মেশিনের চেয়ে চল্লিশ ভাগ কম। দেশীয় বিধায় বিক্রয়োত্তর সেবা পাওয়াও খুব সহজ। সর্বোপরি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ব্যাপারটা তো রয়েছেই।
আপনার প্রতিষ্ঠানের অধীনে যারা কাজ করেন, তাদের সম্পর্কে এবং অফিসিয়াল পরিবেশ সম্পর্কে বলুন।
তিনজন স্নাতক এবং পাঁচজন ডিপ্লোমা প্রকৌশলীসহ আটাশজনের দল আমাদের। আমরা কয়েকটি উপদলে ভাগ হয়ে কাজ করি। মানসম্মত কারখানার কাজে আমাদের আন্তর্জাতিক সনদ ISO ৯০০১, ২০০৮ সনদ রয়েছে। তা ছাড়াও একটি বেসরকারি প্রতিষ্ঠান আমাদের কারখানার উত্পাদনশীলতা বৃদ্ধির জন্য জাপানি থিওরি ৫S শিখিয়েছে যা কাজের খুব সহায়তা করে। ক্ষুদ্র পরিসরে যতটুকু সুযোগ-সুবিধা তা আমরা সবাই ভোগ করি।
কোনো পেশা গ্রহণ করার আগে কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন?
বাবা-মা বা অন্য কারও চাপিয়ে দেওয়া পেশায় না এসে নিজের মনে যেটি করতে ইচ্ছে হয়, সেদিকেই যাওয়া উচিত। লক্ষ্যে স্থির ও আপসহীনভাবে লেগে থাকতে হবে। পেশার প্রকৃতি বুঝে তার করণীয় কাজের ধারাবাহিকতার ছক তৈরি করতে হবে। মনে রাখতে হবে, নিজের কোনো কাজে অন্যের উপর নির্ভরতা মানেই পিছিয়ে পড়া।
প্রোনীটের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রতিদিন আপনার কী কী কাজ করতে হয়?
আমাদের প্রত্যেকের কাজ ভাগ করা থাকে। আমি বিপণন উপদলের দলনেতা, বিপণন দেখভাল করাই আমার মূল কাজ।
আপনার করপোরেট দর্শন কী? কাজের ক্ষেত্রে আপনি কী কী সূত্র মেনে চলেন?
‘গ্রাহকের চাহিদা বুঝে এগিয়ে চলা’—কাজের ক্ষেত্রে আমি কখনও অন্যের উপর নির্ভর করি না।
এই কাজ নিয়ে আপনার ভবিষ্যত্ পরিকল্পনা কী?
ভবিষ্যতে আমরা বড় ধরনের মেশিন বানাতে চাই।
কোনো পেশাকে কীভাবে নেওয়া উচিত?
যে যে-পেশায়ই যুক্ত হোক না কেন, পেশাটাকে আন্তরিকভাবে এবং সিরিয়াসলি নেওয়া উচিত।
নতুন প্রজন্ম যারা এই পেশায় আসতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কী?
সৃষ্টির আনন্দ ও স্বাদ অন্য রকম। প্রচণ্ড সদিচ্ছা না থাকলে এ পথে এগোনো উচিত নয়।