টেলিভিশন স্বত্ব নিয়ে এখনও জটিলতা

ক্রিকেট বোর্ডের প্রধান আয়ের উত্স হওয়ার কথা টেলিভিশন স্বত্ব থেকে আয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্ষেত্রেও ব্যাপারটা সত্যি। কিন্তু সেই আয়ের উত্স থেকে টাকা আদায় করতে পারছে না বিসিবি। চুক্তি শেষ হয়ে যাওয়ার এক বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন প্রতিষ্ঠান নিমবাসের কাছ থেকে এখনও নিজেদের পাওনা অর্থ পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিঙ্গাপুরে একটি আদালতে নিমবাসের সাথে এখনো মামলায় লড়ে যাচ্ছে বিসিবি। ২০০৬ সালে পাঁচ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের টিভি রাইটস পেয়েছিল নিমবাস। বিনিময় বিসিবির পাওয়ার কথা ছিল প্রায় ৫৭ মিলিয়ন ডলার। কিন্তু ব্যাংক গ্যারান্টি না থাকায় বিসিবি এই টাকার এক তৃতীয়াংশ টাকা এখনো বুঝে পায়নি। উল্টো নিমবাস দাবি করছে, তারা বিসিবির কাছ থেকে টাকা পাবে। এই জটিলতার অবসান ঘটানোর জন্যই সিঙ্গাপুরের একটি আদালতের দ্বারস্থ হয় বিসিবি। কিন্তু গত ১৪ মাস ধরে চলা এই মামলার কোন অগ্রগতি হয়নি বলেই জানালেন বিসিবির এডহক কমিটির সদস্য সাজ্জাদুল আলম ববি। বিসিবির হিসাব মতে, নিমবাসের কাছ থেকে তারা এখনো প্রায় এক কোটি ২০ লাখ ডলার পাবে। গত বছর এপ্রিলে নিমবাসের সাথে বিসিবির চুক্তি শেষ হওয়ার পর বিসিবির সাথে নতুন কোন প্রতিষ্ঠানের টিভি স্বত্বের চুক্তি হয়নি। গত বছর সেপ্টেম্বরে দরপত্র আহবান করেও আশানুরূপ কোন সাড়া পায়নি বলে বিসিবি আপাতত চুপ করেই আছে। জানা গেছে, বর্তমান এডহক কমিটি টিভি রাইটসের ব্যাপারে কোন পদক্ষেপ নেবে না। এ প্রসঙ্গে ববি বলেন, ‘বোর্ড সভাপতি বলেছেন, বিসিবির নির্বাচনের পর নতুন কমিটি এসে টিভি রাইটসের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। যেহেতু এই মুহূর্তে কোন খেলা নেই, তাই নির্বাচনের আগে দরপত্র আহবান করারও প্রয়োজন নেই।’ দরপত্র আহবান করেও আশানুরূপ সাড়া না পাওয়ায় গত বছর অক্টোবরে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজটিতে দেশীয় এক চ্যানেলকে দায়িত্ব দেয়া হয়েছিল। নিমবাসের আগে ইএসপিএনের সাথে বিসিবির পাঁচ বছরের (২০০১-২০০৬) চুক্তি ছিল। এই সময়ের মধ্যে বিসিবি পেয়েছিল ১১.৭৫ মিলিয়ন ডলার। গত দশ বছরে টিভি রাইটসের আয় থেকে বোর্ডের তহবিলে জমা হয়েছে একশ’ ৭৯ কোটি টাকা। বোর্ড চাচ্ছে ডিপোজিটের এই অর্থের পরিমাণ দু’শ’ কোটি টাকা করতে। তাই আগামী চার বছরে টিভি রাইটস থেকে বিসিবি মোটা অংকেরই প্রত্যাশা করছে। কিন্তু বাস্তব চিত্র দেখে বোর্ডই এখন বড় অংকের টাকার আশা করতে পারছে না। ববি বলেন, ‘গত ছয় বছরে বাংলাদেশ যে পরিমাণে টেস্ট খেলেছে, আগামী চার বছর কিংবা ছয় বছরে তারচেয়ে অনেক কম টেস্ট খেলবে বাংলাদেশ। আবার আগের তুলনায় বাংলাদেশের ভেন্যু বেড়ে যাওয়ার বিষয়টিকেও বিবেচনায় আনতে হবে। তাই এবার দরপত্রে যে অংকের প্রত্যাশা থাকবে, আশা করছি তা বাস্তবানুগ হবে।’ এই পরিস্থিতির পরও নিমবাসের সাথে যে অংকের চুক্তি হয়েছিল বোর্ড এর চেয়ে বেশি আশা করছেই বলে ধারণা। যদিও বোর্ড এবার অনেক বেশি সতর্ক। কারণ নিমবাসের সাথে ব্যাংক গ্যারান্টি না থাকায় যে বিপদে পড়েছে তারা, সেই পথে হাঁটতে চাচ্ছে না ক্রিকেট বোর্ড। এবার স্বত্ব বিক্রি করার ক্ষেত্রে বিসিবির বড় ভরসা বিশ্ববিখ্যাত ক্রীড়া সমপ্রচারকারী ট্রান্সওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল। গতবার তারা সাড়াও দিয়েছিল। এবার এ রকম একটি প্রতিষ্ঠান যদি বিসিবির ডাকে সাড়া দেয় তাহলে আর্থিকভাবে বোর্ডের লাভ হবেই বলে মনে করছেন বিসিবির এডহক কমিটির সদস্য ববি।