মহিলা জাতীয় ক্রিকেট
বরিশালকে হারিয়ে শীর্ষে খুলনা
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:৪০
নিজেদের শেষ ম্যাচে বরিশালকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো খুলনা বিভাগ। গতকাল রবিবার সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে বরিশালকে ২১১ রানে হারায় খুলনা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে আজ দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করবে তারা। রংপুরের বিপক্ষে আজ তারা খেলবে। দ্বিতীয় রাউন্ডে আজ আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেটের জেলা স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে থাকা ঢাকা বিভাগ খেলবে স্বাগতিক সিলেট বিভাগের বিপক্ষে।
নির্ধারিত ৫০ ওভারে খুলনা ২৭১ রান তোলে। তুলিকা দলের পক্ষে সর্বোচ্চ করেন অপরাজিত ৩৮। সুলতানা খাতুন ৩৭ ও শায়লা শারমিন ৩৫ রান করেন। আসমা হক তিন উইকেট নেন। শায়লা শারমিনের দুর্দান্ত বোলিংয়ের মুখে বরিশাল মাত্র ৬০ রানে গুঁড়িয়ে যায়। শারমিন ১২ রানে নিয়েছেন ছয় উইকেট।